নির্বাচনে সংখ্যালঘুদের ওপর নির্দিষ্ট হামলার তথ্য পায়নি কমনওয়েলথ পর্যবেক্ষক দল
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের সময় সংখ্যালঘু ভোটারদের ওপর কোনো নির্দিষ্ট হামলা বা দমনের তথ্য পাওয়া যায়নি বলে জানিয়েছে কমনওয়েলথ নির্বাচন পর্যবেক্ষক দল।
শনিবার (১৪ ফেব্রুয়ারি) ঢাকার হোটেল ইন্টারকন্টিনেন্টালে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান পর্যবেক্ষক দলের চেয়ারম্যান ও ঘানার সাবেক প্রেসিডেন্ট নানা আকুফো-আডো।
তিনি বলেন, পর্যবেক্ষক দলের কাছে এমন কোনো সরাসরি প্রতিবেদন আসেনি যেখানে সংখ্যালঘু সম্প্রদায়ের ওপর হামলার কথা উল্লেখ রয়েছে। তবে কিছু এলাকায় সংখ্যালঘু ভোটারের উপস্থিতি তুলনামূলক কম ছিল এবং বিভিন্ন সম্প্রদায়ের পক্ষ থেকে কিছু উদ্বেগের বিষয় তুলে ধরা হয়েছে।
নানা আকুফো-আডো জানান, তাদের পর্যবেক্ষণে নির্বাচন শান্তিপূর্ণ, সুশৃঙ্খল ও স্বচ্ছভাবে অনুষ্ঠিত হয়েছে। এ কারণে নির্বাচনকে গ্রহণযোগ্য ও বিশ্বাসযোগ্য বলে মনে করছে কমনওয়েলথ পর্যবেক্ষক দল।
তিনি আরও বলেন, নির্বাচন প্রক্রিয়ার স্বচ্ছতা এবং সব নাগরিকের অংশগ্রহণ নিশ্চিত করা বাংলাদেশের গণতন্ত্রের জন্য গুরুত্বপূর্ণ। দেশের একটি বড় রাজনৈতিক দল নির্বাচনে অংশ না নিলেও প্রার্থী নিবন্ধন, ভোটাধিকার প্রয়োগ এবং ফল গণনার প্রক্রিয়া অধিকাংশ ক্ষেত্রে উন্মুক্ত ছিল। এ নির্বাচনে প্রায় দুই হাজার প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেছেন বলেও তিনি উল্লেখ করেন।
মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে