দ্রব্যমূল্য মানুষের ক্রয়ক্ষমতার মধ্যে রাখতে পেরেছি: বাণিজ্যমন্ত্রী
বাণিজ্য, শিল্প, বস্ত্র ও পাট মন্ত্রী খন্দকার আবদুল মুক্তাদির বলেছেন, গত এক মাসে বাজারে দ্রব্যমূল্য স্থিতিশীল ছিল এবং তা মানুষের ক্রয়ক্ষমতার মধ্যেই রাখা সম্ভব হয়েছে।
শনিবার (২১ মার্চ) সকালে সিলেট নগরের ঐতিহাসিক শাহী ঈদগাহ ময়দানে ঈদুল ফিতরের জামাত শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন। এ সময় শ্রম ও কর্মসংস্থান এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরীও উপস্থিত ছিলেন।
খন্দকার আবদুল মুক্তাদির বলেন, এটি কোনো ব্যক্তির একক সাফল্য নয়। আল্লাহর রহমত, সরকারের উদ্যোগ এবং সাধারণ মানুষের শৃঙ্খলাবোধ—সব মিলিয়েই এই স্থিতিশীলতা সম্ভব হয়েছে। তিনি বলেন, বাজারে অস্থিরতা তৈরি না হওয়ায় কেউ আতঙ্কিত হননি, যা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে।
তিনি আরও বলেন, জনগণের ম্যান্ডেটপ্রাপ্ত এই সরকার বৈশ্বিক চাপের মধ্যেও দেশের মানুষের জীবনযাত্রা সহনীয় রাখতে কাজ করছে। দ্রব্যমূল্য যেন মানুষের ক্রয়ক্ষমতার মধ্যে থাকে—এটিই সরকারের প্রধান লক্ষ্য। এ জন্য প্রয়োজনীয় সব ব্যবস্থা নেওয়া হবে।
মন্ত্রী আরিফুল হক চৌধুরী বলেন, মধ্যপ্রাচ্যের চলমান সংঘাতে প্রবাসী বাংলাদেশিরা নানা সমস্যার মুখে রয়েছেন। কেউ নিহত, কেউ আহত হয়ে চিকিৎসাধীন, আবার কেউ অনিশ্চয়তার মধ্যে দিন কাটাচ্ছেন। তাদের নিরাপদে দেশে ফেরার জন্য তিনি সবার কাছে দোয়া কামনা করেন।
এবার সিলেটে মোট ২ হাজার ৯৫৮টি স্থানে ঈদের জামাত অনুষ্ঠিত হয়েছে। এর মধ্যে মহানগর এলাকায় ৩৯৬টি জামাত অনুষ্ঠিত হয়। প্রধান জামাত সকাল সাড়ে ৮টায় শাহী ঈদগাহ ময়দানে অনুষ্ঠিত হয়, যেখানে ইমামতি করেন মুফতি রশিদুর রহমান ফারুক।

মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে