স্বাস্থ্যকর্মীদের দাবির সমাধানে কমিটি গঠন
স্বাস্থ্যখাতে কর্মরত বিভিন্ন স্তরের স্বাস্থ্যকর্মীদের দীর্ঘদিনের দাবি ও অভিযোগ সমাধানের জন্য স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় ১৫ দিনের মধ্যে সুপারিশ দিতে একটি কমিটি গঠন করেছে। স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেনের নির্দেশে বৃহস্পতিবার সন্ধ্যায় সচিবালয়ে অনুষ্ঠিত বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়।
বৈঠকটি সভাপতিত্ব করেন স্বাস্থ্য সচিব মো. কামরুজ্জামান চৌধুরী। এতে স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. প্রভাত চন্দ্র বিশ্বাসসহ সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এছাড়া স্বাস্থ্য পরিদর্শক, সহকারী স্বাস্থ্য পরিদর্শক, স্বাস্থ্য সহকারী, স্যানিটারি ইন্সপেক্টর এবং পোর্টারসহ বিভিন্ন পদে কর্মরত স্বাস্থ্যকর্মীদের প্রতিনিধিরাও অংশ নেন।
বৈঠকে স্বাস্থ্যকর্মীরা তাদের দীর্ঘদিনের পেশাগত অসুবিধা ও বঞ্চনার বিষয় তুলে ধরেন। তারা জানান, টেকনিক্যাল কাজ এবং প্রশিক্ষণ থাকা সত্ত্বেও যথাযথ স্বীকৃতি পাচ্ছেন না, পদোন্নতির সুযোগ সীমিত এবং বেতন গ্রেড উন্নয়নের দাবিও দীর্ঘদিন স্থগিত রয়েছে। তারা আরও উল্লেখ করেন, অনেকের বেসিক বেতন ইতিমধ্যেই কাঙ্ক্ষিত গ্রেডের চেয়ে বেশি হওয়ায় গ্রেড উন্নয়নে সরকারের উপর অতিরিক্ত আর্থিক চাপ পড়বে না। পাশাপাশি পোর্টারদের বকেয়া ভাতা পরিশোধের দাবিও তুলে ধরেন।
স্বাস্থ্য সচিব সভায় বলেন, সরকার স্বাস্থ্যকর্মীদের দাবি-দাওয়ার বিষয়গুলি সম্পর্কে অবগত এবং তা বিবেচনায় নেওয়া হবে। তিনি আসন্ন জরুরি হাম টিকাদান কর্মসূচির সফলতায় স্বাস্থ্যকর্মীদের সমর্থন কামনা করেন এবং একই সঙ্গে এই দাবিগুলোকে টিকাদান কর্মসূচি থেকে আলাদা রাখার আহ্বান জানান।
বৈঠকে স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. মো. জাহিদ রায়হানকে কমিটির সভাপতি করে গঠন করা হয়। সদস্য হিসেবে রয়েছেন পরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. মো. জালাল উদ্দিন মোহাম্মদ রুমি, উপপরিচালক (হাসপাতাল) ডা. সৈয়দ আবু আহাম্মদ শাফী এবং সংশ্লিষ্ট পাঁচটি সংগঠনের প্রতিনিধি।
কমিটিকে ১৫ দিনের মধ্যে সংশ্লিষ্টদের সঙ্গে পরামর্শ করে সুপারিশ জমা দিতে বলা হয়েছে। বৈঠকে অংশ নেওয়া স্বাস্থ্যকর্মীরা স্বাস্থ্যমন্ত্রী এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং আসন্ন জরুরি হাম টিকাদান কর্মসূচি সফল করতে সর্বোচ্চ প্রচেষ্টা দেওয়ার অঙ্গীকার করেন।

মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে