দেশে পেপাল চালু করতে কমিটি গঠন করা হয়েছে: প্রধানমন্ত্রী
দেশে আন্তর্জাতিক অনলাইন পেমেন্ট সেবা পেপাল চালু করতে একটি কমিটি গঠন করা হয়েছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
বুধবার (১৫ এপ্রিল) জাতীয় সংসদের প্রশ্নোত্তর পর্বে তিনি এ তথ্য জানান।
প্রধানমন্ত্রী বলেন, হাই-টেক পার্ক ও আইসিটি সেন্টারগুলোর কার্যকর পরিচালনা এবং দেশে পেপালের কার্যক্রম চালুর লক্ষ্যে ইতোমধ্যে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়া হয়েছে।
সরকারপ্রধান জানান, আন্তর্জাতিক পেমেন্ট গেটওয়ে পেপাল বাংলাদেশে চালুর জন্য কাজ চলছে এবং এ বিষয়ে একটি কমিটি গঠন করা হয়েছে।
এর আগে বিভিন্ন সময় বাংলাদেশে কার্যক্রম চালুর আগ্রহ প্রকাশ করে আসছে পেপাল। সর্বশেষ অন্তর্বর্তী সরকারের সময়ও এ বিষয়ে অগ্রগতি দেখা যায়।
বাংলাদেশ ব্যাংকের তৎকালীন গভর্নর আহসান এইচ মনসুর জানিয়েছিলেন, পেপাল বাংলাদেশে কার্যক্রম শুরু করবে, যার মূল লক্ষ্য ফ্রিল্যান্সার, ই-কমার্স উদ্যোক্তা ও আইটি খাতে সহজ আন্তর্জাতিক লেনদেন নিশ্চিত করা।
উল্লেখ্য, পেপাল বিশ্বের ২০০টিরও বেশি দেশে অনলাইন টাকা পাঠানো-গ্রহণ, বিল পরিশোধ এবং আন্তর্জাতিক কেনাকাটার জন্য ব্যবহৃত একটি ডিজিটাল পেমেন্ট সেবা।

মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে