জুলাই অভ্যুত্থানের নেতৃত্বে যারা ছিল তাদের আইনি সুরক্ষা দিতে অঙ্গীকার নামায় সই করেছি: স্বরাষ্ট্রমন্ত্রী
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, জুলাই গণ-অভ্যুত্থানের সময় যারা নেতৃত্ব দিয়েছে বা অংশগ্রহণ করেছে তাদের আইনি ও সাংবিধানিক সুরক্ষা দিতে স্বরাষ্ট্র মন্ত্রণালয় অঙ্গীকারবদ্ধ। এই অঙ্গীকার নামার ভিত্তিতেই সব সিদ্ধান্ত নেওয়া হবে। তিনি আরও জানান, জুলাইয়ে নিহত পুলিশ সদস্যদের তদন্তের বিষয়ে এখন পর্যন্ত তিনি কোনো বক্তব্য দেননি।
রোববার (১ মার্চ) দুপুরে সচিবালয়ে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে মন্ত্রী এ কথা বলেন। সালাহউদ্দিন আহমদ আরও বলেন, অন্তর্বর্তী সরকারের শেষ সময়ে সুরক্ষা অধ্যাদেশ জারি হয়েছিল, যা জুলাই জাতীয় সনদের অঙ্গীকারনামের ভিত্তিতে করা হয়েছিল। সেই দফায় সব রাজনৈতিক দল একমত হয়েছে।
স্বরাষ্ট্রমন্ত্রী জানান, সেনাবাহিনী কতদিন মাঠে থাকবে তা উচ্চ পর্যায়ে আলোচনা করে সিদ্ধান্ত নেওয়া হবে। সেনাবাহিনী নিজেও দীর্ঘসময় মাঠে থাকতে চায় না, কারণ তাদের প্রশিক্ষণসহ অন্যান্য কর্মকাণ্ডে সমস্যা হচ্ছে। তবে একসময় অবশ্যই সেনা মাঠ থেকে প্রত্যাহার করা হবে।
র্যাবের নাম ও পোশাক পরিবর্তনের বিষয়ে মন্ত্রী বলেন, এটি একটি জনচাহিদা এবং রাজনৈতিক সমঝোতার বিষয়। বাস্তবতার ভিত্তিতে সিদ্ধান্ত নেওয়া হবে, যাতে বাহিনী কার্যকর ও স্বচ্ছভাবে কাজ করতে পারে এবং সর্বোচ্চ সেবা প্রদান করতে সক্ষম হয়।

মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে