Views Bangladesh Logo

ম্যালেরিয়ায় মারা গেছেন বাণিজ্য সচিব মাহবুবুর রহমান

ম্যালেরিয়ায় আক্রান্ত হয়ে বাণিজ্য সচিব মাহবুবুর রহমান (৫৮) মারা গেছেন। শুক্রবার (১৭ এপ্রিল) সকাল ৬টা ২৫ মিনিটে রাজধানীর স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

বাণিজ্য মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, গত সোমবার শারীরিক অবস্থার অবনতি হলে তাকে হাসপাতালে ভর্তি করা হয়। সে সময় তার রক্তের প্লাটিলেটের মাত্রা আশঙ্কাজনকভাবে কমে যায়। পরবর্তীতে চিকিৎসকরা তাকে ম্যালেরিয়ায় আক্রান্ত হিসেবে শনাক্ত করেন। এরপর অল্প সময়ের মধ্যেই তার শারীরিক অবস্থার দ্রুত অবনতি ঘটে।

বরিশাল বিভাগের পিরোজপুর জেলার মঠবাড়িয়া উপজেলায় জন্ম নেয়া মাহবুবুর রহমান বাংলাদেশ সিভিল সার্ভিস (কাস্টমস ও এক্সাইজ) ক্যাডারের ১৩তম ব্যাচের একজন সদস্য ছিলেন। ১৯৯৪ সালের এপ্রিলে জাতীয় রাজস্ব বোর্ডের অধীনে সহকারী কমিশনার হিসেবে তার কর্মজীবন শুরু হয়।

দীর্ঘ কর্মজীবনে তিনি ডেপুটি কমিশনার, জয়েন্ট কমিশনার ও অতিরিক্ত কমিশনারসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেন। দেশের বিভিন্ন কাস্টম হাউস, ভ্যাট কমিশনারেট এবং এনবিআরে তিনি দায়িত্ব পালন করেন।

গত বছরের ২৫ ফেব্রুয়ারি তাকে বাণিজ্য সচিব হিসেবে নিয়োগ দেয় জনপ্রশাসন মন্ত্রণালয়। এর আগে তিনি তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের প্রশাসন শাখায় অতিরিক্ত সচিব হিসেবে কর্মরত ছিলেন।

তার মৃত্যুতে প্রশাসনসহ বিভিন্ন মহলে শোকের ছায়া নেমে এসেছে।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ