রিহ্যাবের বিভিন্ন অনিয়মের অভিযোগ তদন্তে বাণিজ্য মন্ত্রণালয়ের কমিটি
আবাসন ব্যবসায়ীদের সংগঠন রিয়েল এস্টেট অ্যান্ড হাউজিং অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (রিহ্যাব) বর্তমান পরিচালনা পর্ষদের বিরুদ্ধে ওঠা বিভিন্ন অনিয়মের অভিযোগ তদন্তে দুই সদস্যের কমিটি গঠন করেছে বাণিজ্য মন্ত্রণালয়। কমিটিকে ১৫ কার্যদিবসের মধ্যে তদন্ত করে প্রতিবেদন জমা দিতে নির্দেশ দেওয়া হয়েছে।
বুধবার এক নির্দেশনায় এই তদন্ত কমিটি গঠন করে বাণিজ্য মন্ত্রণালয়। কমিটির আহ্বায়ক করা হয়েছে মন্ত্রণালয়ের উপসচিব মো. আবদুল মালেককে। সদস্য হিসেবে রয়েছেন কেন্দ্রীয় ডিজিটাল কমার্স সেলের উপসচিব মোহাম্মদ আবদুস সাদেক।
রিহ্যাবের সহসভাপতি মোহাম্মদ আক্তার বিশ্বাসসহ পরিচালনা পর্ষদের ১০ সদস্য গত ২৬ জুলাই বাণিজ্য সংগঠন অনুবিভাগের মহাপরিচালকের কাছে একটি আবেদন করেন। এতে রিহ্যাবের বর্তমান সভাপতি আলী আফজাল ও সিনিয়র সহসভাপতি আবদুর রাজ্জাকের বিরুদ্ধে আর্থিক অনিয়মসহ ১২টি বিষয়ে অভিযোগ আনা হয়।
অভিযোগের বিষয়ে গত ৩০ জুলাই বাণিজ্য মন্ত্রণালয়ে শুনানি করেন যুগ্ম সচিব মো. মোস্তফা জামাল হায়দার। শুনানি শেষে রিহ্যাবের বার্ষিক সাধারণ সভা ৩০ দিনের জন্য স্থগিত করা হয়। একই সঙ্গে সভাপতি ও অভিযোগকারীদের মধ্যে আলোচনা করে বিষয়টি সমাধানের জন্য ১৫ দিনের সময় দেওয়া হয়। মন্ত্রণালয়ের এই নির্দেশনার পর ১ আগস্ট র্যাডিসন হোটেলে নির্ধারিত বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়নি। পাশাপাশি ১২ থেকে ১৫ আগস্ট অনুষ্ঠেয় গ্রীষ্মকালীন আবাসন মেলাও সাময়িকভাবে স্থগিত করা হয়।
মতামত দিন