কুবি শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার, স্বামী আটক
নারায়ণগঞ্জের ফতুল্লায় কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) এক শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় তার স্বামীকে আটক করা হয়েছে।
নিহত ফারজানা ইসলাম (২৫) বিশ্ববিদ্যালয়ের ফার্মেসি বিভাগের শিক্ষার্থী ছিলেন। তার স্বামী নাজমুল ইসলাম (৩০) একই বিভাগের সাবেক শিক্ষার্থী।
শনিবার (২৪ অক্টোবর) দিবাগত রাত ১টার দিকে ফতুল্লা মডেল থানার ভূইগড় কবরস্থান সড়কের একটি বাড়ির দ্বিতীয় তলার ফ্ল্যাট থেকে ফারজানার মরদেহ উদ্ধার করা হয়।
ফারজানা ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলার মুসুল্লি বাড়ির রফিকুল ইসলামের মেয়ে। তার স্বামী নাজমুলের বাড়ি কুমিল্লার কচুয়া উপজেলার নুরপুর গ্রামে।
ফারজানার বড় ভাই আরিফুল ইসলাম জানান, ২০২৩ সালে পরিবারের সম্মতিতে নাজমুলের সঙ্গে ফারজানার বিয়ে হয়। নাজমুলের চাকরির কারণে তারা আগে মুন্সিগঞ্জে ভাড়া বাসায় থাকতেন। প্রায় দুই মাস আগে নতুন চাকরি নিয়ে তারা বর্তমান ঠিকানায় আসেন।
আরিফুল অভিযোগ করেন, বিভিন্ন বিষয় নিয়ে নাজমুল তার বোনকে মানসিক ও শারীরিক নির্যাতন করতেন।
পুলিশ জানায়, ফারজানার বিছানার ওপর থেকে একটি চিরকুট উদ্ধার করা হয়েছে। সেখানে স্বামীর যন্ত্রণা সহ্য করতে না পেরে আত্মহত্যার কথা লেখা রয়েছে বলে জানিয়েছে পুলিশ।
ফতুল্লা মডেল থানার পরিদর্শক (তদন্ত) আনোয়ার হোসেন জানান, ময়নাতদন্তের জন্য মরদেহ নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালের (ভিক্টোরিয়া হাসপাতাল) মর্গে পাঠানো হয়েছে। প্রাথমিকভাবে ঘটনাটিকে আত্মহত্যা বলে ধারণা করছে পুলিশ।
তিনি আরও জানান, ফারজানার স্বামীকে আটক করে থানায় নেওয়া হয়েছে। পরিবারের অভিযোগের ভিত্তিতে আইনি ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।
মতামত দিন