কলম্বাসের কাছে হেরে মায়ামির বিদায়
কলম্বাস ক্রুর কাছে ৩-২ গোলে হেরে যুক্তরাষ্ট্র ও মেক্সিকোর ক্লাব নিয়ে আয়োজিত টুর্নামেন্ট থেকে বিদায় নিয়েছে মায়ামি।
বাংলাদেশ সময় বুধবার (১৪ আগস্ট) সকালে অনুষ্ঠিত এ ম্যাচে আগে গোল পায় মেসিবিহীন মায়ামি। প্যারাগুয়ের মিডফিল্ডার মাতিয়াস রোহাসের গোলে ম্যাচের ১০ মিনিটে এগিয়ে যায় জেরার্ডো মার্তিনোর দল। দ্বিতীয়ার্ধের ৬২ মিনিটে মায়ামির গোল ব্যবধান দ্বিগুণ করেন আরেক প্যারাগুইয়ান দিয়েগো গোমেজ।
এরপর শুরু হয় কলম্বাস ক্রুর আধিপত্য। ২-০ গোলে পিছিয়ে পড়া দলটি সমতায় ফেরে মাত্র ৩ মিনিটের ব্যবধানে। ৬৭ মিনিটে যুক্তরাষ্ট্রের স্ট্রাইকার ক্রিস্টিয়ান রামিরেজের পর ৬৯ মিনিটে গোল করেন দিয়েগো রসি।
এর ১১ মিনিট পর উরুগুয়ের তারকা রসির দ্বিতীয় গোলে জয় নিশ্চিত হয় কলম্বাসের।
আগামী শনিবার কোয়ার্টার ফাইনালে নিউইয়র্ক সিটির বিপক্ষে খেলবে তারা।
অন্যদিকে শেষ ষোলোর আরেকটি ম্যাচে মেক্সিকোর টাইগার্সকে ২-১ গোলে হারিয়ে পরের রাউন্ডে জায়গা করে নিয়েছে নিউইয়র্ক সিটি।

মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে