চকরিয়ায় শ্রীকৃষ্ণের জন্মাষ্টমীতে বর্ণাঢ্য মঙ্গল শোভাযাত্রা
শ্রী শ্রী কৃষ্ণের শুভ জন্মাষ্টমী উপলক্ষে কক্সবাজারের চকরিয়ায় বর্ণাঢ্য মঙ্গল শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৪ সেপ্টেম্বর) সকাল ১০টায় চকরিয়া সার্বজনীন কেন্দ্রীয় হরি মন্দির প্রাঙ্গণ থেকে শোভাযাত্রাটি বের হয়।
এর আগে মন্দির প্রাঙ্গণে জন্মাষ্টমী উপলক্ষে আয়োজিত বিভিন্ন কর্মসূচির অংশ হিসেবে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। শ্রী শ্রী জন্মাষ্টমী উদযাপন পরিষদ, চকরিয়া উপজেলা শাখা ও নিত্যানন্দ গীতা সংঘের যৌথ উদ্যোগে মঙ্গল শোভাযাত্রা, সাংস্কৃতিক অনুষ্ঠান, মহতী ধর্মসভা ও ষোড়শপ্রহরব্যাপী অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।
চকরিয়া সার্বজনীন কেন্দ্রীয় হরি মন্দির মহোৎসব উদযাপন পরিষদের সভাপতি চিকিৎসক তেজেন্দ্র লাল দের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন চকরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শাহীন দেলোয়ার। সভা সঞ্চালনা করেন শ্রী শ্রী জন্মাষ্টমী উদযাপন পরিষদ চকরিয়া উপজেলা শাখার সভাপতি নারায়ণ কান্তি দাশ। মঙ্গল শোভাযাত্রার উদ্বোধন করেন সহকারী পুলিশ সুপার (এএসপি) মো. আবদুল আজিজ।
আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন চকরিয়া উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি তপন কান্তি দাশ, চিরিংগা হিন্দুপাড়া যুবকল্যাণ সমিতির ভারপ্রাপ্ত সভাপতি প্রদীপ কান্তি দাশ, চকরিয়া পৌরসভার কাউন্সিলর জাফর আলম কালু, চকরিয়া সার্বজনীন কেন্দ্রীয় হরি মন্দিরের উপদেষ্টা হারাধন দাশ, মন্টু বসাক, বিকাশ ধর (মহাজন), চকরিয়া জুয়েলারি সমিতির সাবেক সাধারণ সম্পাদক সুলাল সুশীলসহ স্থানীয় বিভিন্ন সংগঠনের নেতারা।
পরে হরি মন্দির প্রাঙ্গণ থেকে শুরু হয় বর্ণাঢ্য মঙ্গল শোভাযাত্রা। পৌর শহরের গুরুত্বপূর্ণ সড়কগুলো প্রদক্ষিণ করে শোভাযাত্রাটি আবার কেন্দ্রীয় হরি মন্দিরে এসে শেষ হয়। শোভাযাত্রায় বিভিন্ন ধরনের প্ল্যাকার্ড নিয়ে ভক্তরা অংশ নেন। এ সময় শ্রীকৃষ্ণ, রাধারাণীসহ বিভিন্ন দেব-দেবীর সাজে সেজেও অনেকে শোভাযাত্রায় অংশগ্রহণ করেন।
জন্মাষ্টমীর এই আয়োজনে স্থানীয় সনাতন ধর্মাবলম্বীদের মধ্যে উৎসবের আমেজ দেখা যায়। শোভাযাত্রাকে ঘিরে পৌর শহরে নিরাপত্তাও জোরদার করা হয়। চকরিয়া উপজেলা প্রশাসন ও পুলিশ প্রশাসনের পাশাপাশি র্যাব-১৫সহ বিভিন্ন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা নিরাপত্তার দায়িত্ব পালন করেন।
মতামত দিন