বঙ্গবন্ধুকে শ্রদ্ধা জানিয়ে পোস্ট, সাময়িক বরখাস্ত কলেজশিক্ষক
রাজশাহীর চারঘাট উপজেলার নন্দনগাছী কলেজের এক প্রভাষককে ফেসবুকে শেখ মুজিবুর রহমানকে নিয়ে পোস্ট দেওয়ার অভিযোগে সাময়িক বরখাস্ত করা হয়েছে। সোমবার কলেজের গভর্নিং বডির জরুরি সভায় গার্হস্থ্য অর্থনীতি বিভাগের প্রভাষক সোহেলী আক্তারের বিষয়ে এ সিদ্ধান্ত নেওয়া হয়। তবে বরখাস্তের আগে তাকে কোনো কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়নি।
গত শনিবার শেখ মুজিবুর রহমানের শাহাদাতবার্ষিকী উপলক্ষে নিজের ফেসবুক অ্যাকাউন্টে ‘গভীর শোক’ লেখা একটি ফটোকার্ড পোস্ট করেন সোহেলী আক্তার। ফটোকার্ডে শেখ মুজিবুর রহমানের ছবিও ছিল। পোস্টের ক্যাপশনে তিনি লেখেন, ‘বিনম্র শ্রদ্ধা’।
সোহেলী আক্তার বলেন, ‘আমাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে কি না, কিছুই জানি না। আমার কী দোষ, সেটাও তো জানি না। রোববার ছুটি নিয়ে এসেছি। আজকে (সোমবার) কী হয়েছে, জানি না। আমার কিছু বলার নেই।’
জানা গেছে, রোববার কলেজে গিয়ে অধ্যক্ষের কাছে মৌখিকভাবে ছুটি নেন সোহেলী আক্তার। ওই দিন তার ফেসবুক পোস্টটি কলেজের শিক্ষার্থী ও স্থানীয়দের নজরে আসে। পরে রাতে নন্দনগাছী কলেজ ছাত্রদল ওই শিক্ষকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবিতে সোমবার সকাল ১০টায় বিক্ষোভ মিছিলের ঘোষণা দেয়।
সোমবার সকালে ছাত্রদলের নেতাকর্মীরা কলেজে জড়ো হয়ে সোহেলী আক্তারের স্থায়ী বহিষ্কার ও তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানান। পরে কলেজ গভর্নিং বডির জরুরি সভায় তাকে সাময়িক বরখাস্তের সিদ্ধান্ত নেওয়া হয়।
বিক্ষোভ মিছিলে নেতৃত্ব দেওয়া নন্দনগাছী কলেজ ছাত্রদলের আহ্বায়ক সাহেদুর রহমান সাহেদ বলেন, ‘সোহেলী ম্যাম কলেজে আওয়ামী লীগের আদর্শ প্রতিষ্ঠার চেষ্টা চালাচ্ছেন। তার বাবা জেলা আওয়ামী লীগের সহসভাপতি ছিলেন। পুরো পরিবার আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে জড়িত। শেখ মুজিবুর রহমানের মৃত্যুবার্ষিকী উপলক্ষে তিনি ফেসবুকে পোস্ট দিয়েছেন। এজন্য আমরা তার স্থায়ী বহিষ্কারের দাবি জানিয়েছি।’
কলেজের অধ্যক্ষ ওয়াহেদুল ইসলাম বলেন, ‘প্রভাষক সোহেলী আক্তার প্রজাতন্ত্রের কর্মচারী হিসেবে ফেসবুকে এ ধরনের রাষ্ট্রবিরোধী পোস্ট দিতে পারেন না। তাই কলেজের শৃঙ্খলা রক্ষার জন্য তাকে সাময়িক বরখাস্তের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।’
কলেজ গভর্নিং বডির সভাপতি ও চারঘাটের নিমপাড়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম বলেন, ‘আমরা বসে সর্বসম্মতিক্রমে সোহেলী আক্তারকে সাময়িক বরখাস্ত করেছি। তাকে শোকজ করা হয়নি। তবে এ বিষয়েও সিদ্ধান্ত নেওয়া হবে।’
মতামত দিন