Views Bangladesh Logo

শব্দদূষণের প্রতিবাদে ইউএনও কার্যালয়ের সামনে থালা-চামচ বাজালেন কলেজশিক্ষক

শেরপুরের নালিতাবাড়ীতে গভীর রাত পর্যন্ত উচ্চ শব্দে মাইক ও সাউন্ড সিস্টেম বাজানোর প্রতিবাদে উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কার্যালয়ের সামনে থালা-চামচ বাজিয়ে ব্যতিক্রমী প্রতিবাদ কর্মসূচি পালন করেছেন এক কলেজশিক্ষক।

রোববার (১২ জুলাই) বেলা সাড়ে ১১টার দিকে প্রায় ১০ মিনিট ধরে উপজেলা পরিষদের প্রধান ফটকের সামনে এ কর্মসূচি পালন করেন হাজী নুরুল হক নন্নী পোড়াগাঁও মৈত্রী কলেজের বাংলা বিভাগের প্রভাষক মো. নুরুজ্জামান।

প্রতিবাদের সময় তার গলায় ‘শব্দদূষণ বন্ধ চাই, নিরাপদ পৃথিবী চাই’ লেখা ব্যানার ঝোলানো ছিল। কানে তুলা গুঁজে থালা-চামচ বাজিয়ে তিনি শব্দদূষণের ক্ষতিকর প্রভাব সম্পর্কে প্রশাসন ও জনসাধারণের দৃষ্টি আকর্ষণের চেষ্টা করেন।

নুরুজ্জামান বলেন, চলমান এইচএসসি পরীক্ষার সময়ও বিভিন্ন এলাকায় বিয়ে, খতনা ও অন্যান্য অনুষ্ঠানে গভীর রাত পর্যন্ত উচ্চ শব্দে মাইক ও ডিজে সাউন্ড বাজানো হচ্ছে। এতে পরীক্ষার্থীদের পড়াশোনার পাশাপাশি সাধারণ মানুষের স্বাভাবিক জীবনযাত্রাও ব্যাহত হচ্ছে। ব্যক্তিগতভাবে অনুরোধ করেও ফল না পাওয়ায় তিনি প্রতীকী এই কর্মসূচি পালন করেছেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, শুরুতে তিনি একাই কর্মসূচি পালন করলেও পরে পথচারী ও স্থানীয় কয়েকজন ব্যবসায়ী তাঁর সঙ্গে সংহতি প্রকাশ করেন।

কর্মসূচি শেষে নুরুজ্জামান ইউএনওর কাছে ছয় দফা সুপারিশসংবলিত একটি স্মারকলিপি দেন। এতে রাত ১০টার পর উচ্চ শব্দে মাইক বাজানো বন্ধ, আবাসিক এলাকাকে ‘সাইলেন্স জোন’ ঘোষণা, সাউন্ড সিস্টেম ব্যবসায়ীদের জবাবদিহির আওতায় আনা এবং নিয়মিত ভ্রাম্যমাণ আদালত পরিচালনার দাবি জানানো হয়।

এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আবদুল মালেক বলেন, স্মারকলিপি গ্রহণ করা হয়েছে। বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করে শব্দদূষণ নিয়ন্ত্রণে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

মতামত দিন

Avatar

ট্রেন্ডিং ভিউজ