রাজধানীর আজিমপুরে কলেজছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার
রাজধানীর লালবাগ থানার আজিমপুর এলাকা থেকে বেনজীর আহমেদ রোজ (১৯) নামে এক কলেজছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তিনি মুন্সি আব্দুর রউফ কলেজের দ্বাদশ শ্রেণির শিক্ষার্থী ছিলেন।
বুধবার (২৬ মার্চ) রাত ১টা ৩০ মিনিটের দিকে অচেতন অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নেয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নিহতের মামা ফেরদৌস আলম সায়েম বলেন, ‘আমার ভাগ্নি উচ্চমাধ্যমিকের চূড়ান্ত পরীক্ষা দেয়ার কথা ছিল। এরই মধ্যে গত মাসে সে নিজের পছন্দে বিয়ে করে। তবে পারিবারিক কলহের কারণে তিন দিন আগে সে বাবার বাড়িতে ফিরে আসে।’
তিনি আরও বলেন, ‘গত রাতে কাউকে কিছু না জানিয়ে সে নিজের ঘরে যায়, দরজা বন্ধ করে ওড়না গলায় পেঁচিয়ে ফ্যানের সঙ্গে ফাঁস দেয়। বিষয়টি জানতে পেরে আমরা পুলিশকে খবর দিই। পরে পুলিশ এসে উদ্ধার করে ঢাকা মেডিকেলে নিয়ে গেলে চিকিৎসক জানান, আমার ভাগ্নি আর বেঁচে নেই।’
লালবাগ থানার উপপরিদর্শক (এসআই) নাজমুল হোসেন বলেন, ‘সংবাদ পেয়ে আমরা আজিমপুরের একটি বাসার সপ্তম তলা থেকে ওই কলেজছাত্রীকে ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় উদ্ধার করি। পরে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।’
তিনি আরও বলেন, ‘নিহতের পরিবারের সঙ্গে কথা বলে জানতে পেরেছি, এক মাস আগে সে নিজের পছন্দে বিয়ে করেছিল। তবে বিয়ের পর থেকে স্বামী ও শ্বশুরবাড়ির সঙ্গে তার বনিবনা হচ্ছিল না। ফলে কয়েকদিন আগে সে মায়ের বাড়িতে ফিরে আসে। পরে রাতে পরিবারের সবার অগোচরে সে আত্মহত্যা করে।’
মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে রাখা হয়েছে বলে জানিয়েছেন পুলিশের এ কর্মকর্তা।

মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে