বিয়ের আসরে সাউন্ড বক্সে গান বাজানো নিয়ে বিরোধ, নেত্রকোনায় প্রাণ গেল কলেজছাত্রের
নেত্রকোনায় একটি বিয়ের অনুষ্ঠানে সাউন্ড বক্সে গান বাজানো এবং ছবি তোলাকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে ফয়সাল আহমেদ (১৯) নামের এক কলেজছাত্র নিহত হয়েছেন। সংঘর্ষে আহত হয়েছেন আরও অন্তত তিনজন।
সোমবার দিবাগত রাতে সদর উপজেলার চল্লিশা ইউনিয়নের বাবনিকোনা সংসদ বাজার মসজিদসংলগ্ন সড়কে এ ঘটনা ঘটে। নিহত ফয়সাল ওই এলাকার নজরুল ইসলামের ছেলে এবং নেত্রকোনার আবু আব্বাছ ডিগ্রি কলেজের দ্বাদশ শ্রেণির শিক্ষার্থী ছিলেন।
স্থানীয় বাসিন্দা ও পুলিশ সূত্র জানায়, সোমবার বাবনিকোনা সংসদ বাজার এলাকায় স্থানীয় ইদ্রিস মিয়ার মেয়ের বিয়ের আয়োজন ছিল। রাত পৌনে ১২টার দিকে সাউন্ড বক্স বাজানো ও ছবি তোলা নিয়ে ফয়সাল ও তাঁর কয়েকজন বন্ধুর সঙ্গে একই গ্রামের কামরুল ইসলামের ছেলে মাসুম মিয়ার বাগ্বিতণ্ডা শুরু হয়। একপর্যায়ে মাসুম তার পরিবারের সদস্যদের নিয়ে ফয়সালসহ অন্যদের ওপর চড়াও হন বলে অভিযোগ।
হামলায় ফয়সালের পাশাপাশি তার চাচাতো ভাই রবিন মিয়া, চাচা সাদেকুল ইসলাম এবং চাচাতো ভাই উজ্জ্বল মিয়ার ছেলে সৌরভ মিয়া আহত হন। স্থানীয়রা তাদের উদ্ধার করে নেত্রকোনার ২৫০ শয্যার জেলা হাসপাতালে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসার পর ফয়সাল ও সাদেকুলকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। চিকিৎসাধীন অবস্থায় রাত আড়াইটার দিকে ফয়সালের মৃত্যু হয়।
আহত সাদেকুল ইসলাম অভিযোগ করেন, মাসুম ও তার বাবা কামরুল ইসলামসহ পরিবারের কয়েকজন লাঠিসোঁটা ও দেশীয় অস্ত্র নিয়ে তাদের ওপর হামলা চালান। তিনি হামলাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন।
এ বিষয়ে অভিযুক্ত মাসুম বা তার পরিবারের কারও বক্তব্য পাওয়া যায়নি। স্থানীয় সূত্র জানায়, ফয়সালের মৃত্যুর খবর ছড়িয়ে পড়ার পর অভিযুক্তরা বাড়ি ছেড়ে আত্মগোপনে চলে গেছেন।
নেত্রকোনার অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) সজল কুমার সরকার জানান, বিয়ের অনুষ্ঠানে সাউন্ড বক্স ও ছবি তোলা নিয়ে বিরোধের জেরে হামলায় কলেজছাত্র ফয়সাল নিহত হন এবং কয়েকজন আহত হন। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে রাখা হয়েছে। ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য একজনকে আটক করা হয়েছে এবং বাকি অভিযুক্তদের ধরতে অভিযান চলছে বলে তিনি জানান।

মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে