চট্টগ্রাম এক্সপ্রেসওয়ের দেয়ালে প্রাইভেটকারের ধাক্কা, কলেজছাত্রী নিহত
চট্টগ্রাম নগরীর এলিভেটেড এক্সপ্রেসওয়েতে নিয়ন্ত্রণ হারিয়ে একটি প্রাইভেটকার সীমানা দেয়ালে ধাক্কা দিলে গাড়ির এক নারী আরোহী নিহত হয়েছেন। নিহত তরুণী সামিয়া জাহান তানিশা (২২) হাজেরা তজু ডিগ্রি কলেজের অর্থনীতি বিভাগের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী ছিলেন।
পুলিশ জানায়, বৃহস্পতিবার দুপুর ৩টার দিকে এক্সপ্রেসওয়ের বারিক বিল্ডিং মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে। তানিশা নগরীর রাহাত্তারপুল এলাকার শাহ আমানত হাউজিং সোসাইটির বাসিন্দা আবু তালেবের মেয়ে।
বন্দর থানার ওসি আবদুর রহিম প্রত্যক্ষদর্শীদের বরাতে জানান, লালখানবাজারমুখী প্রাইভেট কারটি নিয়ন্ত্রণ হারিয়ে বারিক বিল্ডিং মোড়ের কাছে এক্সপ্রেসওয়ের সীমানা দেয়ালে সজোরে ধাক্কা দেয়। এতে গাড়ির সামনের অংশ দুমড়ে-মুচড়ে যায়।
ঘটনার সময় গাড়িতে তানিশার সঙ্গে সামিন ও মিনহাজ নামে আরও দুই বন্ধু ছিলেন। তারা গুরুতর আহত অবস্থায় তানিশাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
এ ঘটনায় প্রাইভেটকারে থাকা এক তরুণকে জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ আটক করেছে বলে জানিয়েছেন ওসি।

মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে