গফরগাঁওয়ে কলেজছাত্রকে কুপিয়ে হত্যা
ময়মনসিংহের গফরগাঁও উপজেলায় জন্মদিনের উৎসব শেষে বন্ধুদের সঙ্গে বাড়ি ফেরার পথে শাকিবুল হাসান মাসুম (২৪) নামে এক কলেজছাত্রকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। সোমবার (৮ জুন) রাত সাড়ে ১২টার দিকে গফরগাঁও পৌরসভার মাজার রোড এলাকায় এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটে।
নিহত মাসুম স্থানীয় একটি সরকারি কলেজের দ্বিতীয় বর্ষের ছাত্র ছিলেন। তিনি স্থানীয় রাজমিস্ত্রি মোফাজ্জল হোসেনের একমাত্র ছেলে।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, সোমবার রাতে গফরগাঁও ডাকবাংলো চত্বরে বন্ধুদের সঙ্গে জন্মদিনের কেক কাটেন মাসুম। অনুষ্ঠান শেষে রাত সাড়ে ১২টার দিকে বন্ধু নাহিয়ান রবিনসহ মোটরসাইকেলে করে বাড়ি ফিরছিলেন তিনি। বাড়ি থেকে মাত্র ৫০০ গজ দূরে মাজার রোড মোড়ে পৌঁছালে ওত পেতে থাকা ৬-৭ জনের একটি মুখোশধারী দল তাদের পথরোধ করে।
হামলাকারীরা প্রথমে মাসুম ও রবিনের চোখ-মুখ লক্ষ্য করে মরিচের গুঁড়ো ছিটিয়ে দেয়। এতে তারা সম্পূর্ণ দিশেহারা হয়ে পড়লে দুর্বৃত্তরা ধারালো অস্ত্র দিয়ে মাসুমকে এলোপাতাড়ি কোপাতে শুরু করে। রবিন কোনোমতে ঘটনাস্থল থেকে পালিয়ে প্রাণে বাঁচলেও মাসুম রক্তাক্ত অবস্থায় রাস্তায় পড়ে থাকেন। পরে স্থানীয় বাসিন্দা ও স্বজনরা তাকে উদ্ধার করে প্রথমে গফরগাঁও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। অবস্থার অবনতি হলে তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার (৯ জুন) ভোরে তার মৃত্যু হয়।
ভয়াবহ সেই ঘটনার বর্ণনা দিয়ে মাসুমের বন্ধু নাহিয়ান রবিন বলেন, ‘জন্মদিনের অনুষ্ঠান শেষে আমরা বাড়ি ফিরছিলাম। হঠাৎ একদল সশস্ত্র লোক আমাদের পথ আটকে চোখে মরিচের গুঁড়ো দেয়। কিছু বুঝে ওঠার আগেই তারা মাসুমের ওপর অস্ত্র নিয়ে ঝাঁপিয়ে পড়ে। আমি কোনোভাবে প্রাণ বাঁচাতে পারলেও ওরা মাসুমকে নির্মমভাবে কুপিয়ে জখম করে।’
একমাত্র ছেলেকে হারিয়ে নির্বাক পিতা মোফাজ্জল হোসেন বলেন, ‘আমার সব স্বপ্ন ছিল ছেলেকে ঘিরেই। অপরাধীরা আমার বুক খালি করে দিল। আমি এই হত্যাকাণ্ডের দৃষ্টান্তমূলক বিচার চাই।"
এ ঘটনার সত্যতা নিশ্চিত করে গফরগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এএসএম আতিকুর রহমান জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং ইতিমধ্যে এ বিষয়ে তদন্ত শুরু হয়েছে। হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে পুলিশ কাজ করছে। তবে এই প্রতিবেদন লেখা পর্যন্ত থানায় কোনো আনুষ্ঠানিক অভিযোগ বা মামলা দায়ের করা হয়নি।

মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে