৩ দিন বন্ধ ছিল ঘর, দুর্গন্ধ পেয়ে মিলল কলেজছাত্রীর মরদেহ
জামালপুর শহরের একটি ভাড়া বাসা থেকে রিমা আক্তার (২১) নামে এক শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (২৮ আগস্ট) রাত ১০টার দিকে শহরের কাচারিপাড়া এলাকার মোহাম্মদ আলীর বাড়ি থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
নিহত রিমা আক্তার মাদারগঞ্জ উপজেলার বালিজুড়ি এলাকার শহিদুল্লাহর মেয়ে বলে জানা গেছে। তিনি সরকারি আশেক মাহমুদ কলেজের ইংরেজি বিভাগের অনার্সের শিক্ষার্থী ছিলেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, রিমা যে কক্ষে থাকতেন, সেই কক্ষের দরজা দুই থেকে তিন দিন ধরে বন্ধ ছিল। শুক্রবার সন্ধ্যার পর ওই কক্ষ থেকে দুর্গন্ধ বের হতে শুরু করলে বাড়ির মালিকপক্ষ ও স্থানীয়দের সন্দেহ হয়। পরে জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন করে বিষয়টি জানানো হয়।
খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে কক্ষের দরজার তালা ভেঙে ভেতরে প্রবেশ করেন। এ সময় সিলিং ফ্যানের সঙ্গে রিমার ঝুলন্ত মরদেহ দেখতে পান তারা। পরে মরদেহ উদ্ধার করে থানায় নেওয়া হয়।
তবে রিমার স্থায়ী ঠিকানা নিয়ে পুলিশের মধ্যে কিছুটা অস্পষ্টতা তৈরি হয়েছে। ভাড়া বাসার রেজিস্টারে তার ঠিকানা মাদারগঞ্জ উপজেলার বালিজুড়ি উল্লেখ রয়েছে। অন্যদিকে, তার কক্ষে পাওয়া জাতীয় পরিচয়পত্রে স্থায়ী ঠিকানা ইসলামপুর উপজেলা লেখা রয়েছে। তার প্রকৃত ঠিকানা কোনটি, তা তদন্তের মাধ্যমে নিশ্চিত করা হবে বলে জানিয়েছে পুলিশ।
বাড়ির মালিকের ছেলে জাহাঙ্গীর বলেন, রিমা সরকারি আশেক মাহমুদ কলেজের ইংরেজি বিভাগে পড়তেন বলে তিনি জানতেন। এর বাইরে তার সম্পর্কে বেশি কিছু জানা নেই।
জামালপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) নাজমুল জান্নাত শাহ বলেন, ৯৯৯-এর মাধ্যমে খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিস ঘটনাস্থলে যায়। পরে দরজা ভেঙে মরদেহ উদ্ধার করা হয়। মরদেহের অবস্থা দেখে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, দুই থেকে তিন দিন আগে তার মৃত্যু হয়ে থাকতে পারে।
তিনি আরও বলেন, বাড়ির রেজিস্টার ও জাতীয় পরিচয়পত্রে রিমার ঠিকানা ভিন্ন পাওয়া গেছে। মৃত্যুর প্রকৃত কারণ ময়নাতদন্তের পর জানা যাবে। এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।
মতামত দিন