Views Bangladesh Logo

বিদ্যুৎ বিল নিয়ে ক্ষোভের ভিডিও, কলেজছাত্রকে ধরে নিয়ে গেল পুলিশ

বাসায় অতিরিক্ত বিদ্যুৎ বিল আসার অভিযোগ তুলে ফেসবুকে সরকারের সংশ্লিষ্টদের গালিগালাজ করে ভিডিও প্রকাশের অভিযোগে সিফাত আব্দুল্লাহ নামে এক যুবককে আটক করেছে পুলিশ।

বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) রাত সাড়ে ৮টার দিকে গাজীপুরের বাসা থেকে তাকে আটক করা হয়। দলীয় সূত্রে জানা গেছে, সিফাত জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সমর্থক।

সিফাত রাজধানীর আদমজী ক্যান্টনমেন্ট কলেজের শিক্ষার্থী বলে জানিয়েছে পুলিশ ও স্থানীয় সূত্র। তার আটকের বিষয়টি নিশ্চিত করেছেন গাজীপুর মেট্রোপলিটন পুলিশের গাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম রব্বানী।

পুলিশের দাবি, সিফাত বেশ কিছুদিন ধরে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রধানমন্ত্রী তারেক রহমান ও সরকারের সংশ্লিষ্ট ব্যক্তিদের নিয়ে বিভিন্ন আপত্তিকর বক্তব্য ও লেখালেখি করে আসছিলেন। এরই ধারাবাহিকতায় বৃহস্পতিবার তিনি প্রায় এক মিনিট ২৪ সেকেন্ডের একটি ভিডিও ফেসবুকে প্রকাশ করেন।

ওই ভিডিওতে সিফাত দাবি করেন, চলতি মাসে তার বাসায় ৪ হাজার টাকা এবং আগের মাসে ৫ হাজার টাকা বিদ্যুৎ বিল এসেছে। তার অভিযোগ, বিলের পরিমাণ স্বাভাবিকের তুলনায় অনেক বেশি। এ নিয়ে কথা বলার একপর্যায়ে তিনি সরকারের সংশ্লিষ্টদের উদ্দেশে অশালীন ভাষা ব্যবহার করেন বলে অভিযোগ পুলিশের।

ভিডিওটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর স্থানীয় বিএনপির নেতাকর্মীরা বিষয়টি গাছা থানা পুলিশকে জানান। পরে পুলিশ বৃহস্পতিবার রাতেই সিফাতকে তার বাসা থেকে আটক করে থানায় নিয়ে যায়।

গাছা থানার ওসি গোলাম রব্বানী বলেন, প্রধানমন্ত্রীকে কটূক্তির অভিযোগে সিফাত আব্দুল্লাহকে আটক করা হয়েছে। রাত ৯টার দিকে তাকে থানায় আনা হয়। তার বিরুদ্ধে মামলা দায়েরের প্রস্তুতি চলছে। পরে রাত ১০টার দিকে সিফাতের ফেসবুক আইডিতে একটি স্ট্যাটাস দেওয়া হয়। সেখানে জানানো হয়, সিফাত আব্দুল্লাহ গ্রেফতার হয়েছেন।

মতামত দিন

Avatar

ট্রেন্ডিং ভিউজ