কুড়িগ্রামে ঘন কুয়াশা, তাপমাত্রা ১৬ ডিগ্রি সেলসিয়াস
কুড়িগ্রাম জেলায় বাড়ছে শীতের তীব্রতা। সেই সঙ্গে ঘন কুয়াশায় ঢাকা পড়েছে এখানকার পথঘাট ও প্রকৃতি। গত এক সপ্তাহ ধরে এই জেলায় ১৭ ডিগ্রি থেকে ১৫ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াসে তাপমাত্রা উঠানামা করছে।
রবিবার (২৪ নভেম্বর) সকাল ৭টায় জেলায় সর্বনিম্ন তাপমাত্রা ১৬ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে।
এমতাবস্থায় বিপাকে পড়েছেন কুড়িগ্রামের দিনমজুর ও খেটে খাওয়া মানুষগুলো। তারা সময়মতো কাজে যেতে পারছেন না। অন্যদিকে কুয়াশায় বিস্তীর্ণ এলাকা ঢাকা থাকার কারণে যানবাহনগুলো হেড-লাইট জ্বালিয়ে বিলম্বে যাতায়াত করতে হচ্ছে।
এ প্রসঙ্গে কুড়িগ্রাম সদরের পাঁচগাছী ইউনিয়নের আবু সাঈদ বলেন, ৫-৬ দিন থেকে শীত ও ঠান্ডা অনেক বাড়ছে। রাতে বৃষ্টির মতো পড়তে থাকে কুয়াশা। ঠান্ডা ও শীতের কারণে কাজ করতে সমস্যা হচ্ছে। তারপরেও সকালে কাজের জন্য বের হয়েছি। কাজ না করলে তো আর সংসার চলবে না।
এ ব্যাপারে কুড়িগ্রাম আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা সুবল চন্দ্র সরকার বলেন, চলতি মাসের শেষে অথবা ডিসেম্বরের প্রথম সপ্তাহে হিমেল বাতাস বইতে পারে। তখন ঠান্ডার তীব্রতা বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা রয়েছে।

মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে