তীব্র শীতে রাজশাহীতে সকল স্কুল বন্ধ ঘোষণা
শীতের তীব্রতা বাড়ার কারণে রাজশাহী জেলার সকল পর্যায়ের মাধ্যমিক শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধের ঘোষণা করা হয়েছে। শনিবার (২০ জানুয়ারি) দিবাগত রাতে এক বিজ্ঞপ্তির মাধ্যমে এই ছুটির ঘোষণা দেওয়া হয়। বিষয়টি নিশ্চিত করেছেন রাজশাহী জেলা প্রাথমিক শিক্ষা অফিসার।
রাজশাহী অঞ্চলের মাধ্যমিকের উপ-পরিচালক ডাক্তার শারমিন ফেরদৌস চৌধুরী স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়, তাপমাত্রা ১০ ডিগ্রি সেলসিয়াসের নিচে নেমে যাওয়ায় ২১ ও ২২ জানুয়ারি রাজশাহীর মাধ্যমিক পর্যায়ের সব শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করা হলো।
এদিকে, প্রতিকূল আবহাওয়ার কারণে রবিবারও বন্ধ থাকবে রাজশাহী জেলার সকল প্রাথমিক বিদ্যালয়। রাজশাহী জেলা প্রাথমিক শিক্ষা অফিসার সাইদুল ইসলাম বলেন, শুধু রবিবার (২১ জানুয়ারি) প্রাথমিক স্কুল বন্ধ থাকবে। তাপমাত্রা যদি এমন থাকে তবে সোমবার (২২ জানুয়ারি) আবার নতুন করে ঘোষণা দেওয়া হবে।’
রাজশাহী আবহাওয়া অফিসের তথ্যমতে, রাজশাহীতে শনিবার সকালে সর্বনিম্ন তামপাত্রা রেকর্ড করা হয়েছে ৯ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস। এদিন সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ২১ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস। আগামী ৭ দিনে রাজশাহীতে দিনের তাপমাত্রা কমবে। গত কয়েক দিন থেকেই দিনের তাপমাত্রা ৯ থেকে ১১ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকছে।

মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে