Views Bangladesh Logo

কুমিল্লায় ভোটকেন্দ্রে ককটেল বিস্ফোরণ, ভোটারদের ছোটাছুটি

কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার জগন্নাথদীঘি ইউনিয়নের আতাকরা সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ চলছিল। তবে বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে কেন্দ্রে একের পর এক ককটেলের বিস্ফোরণ ঘটানো হয়। এতে ভোটাররা আতঙ্কিত হয়ে দিগ্বিদিক ছুটতে শুরু করেন।

ঘটনার সময় কেন্দ্রে ৩০০ মিটার দূরে সেনাবাহিনী ও বিজিবির সদস্যরা অবস্থান করছিলেন। তারা দ্রুত কেন্দ্রে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। প্রত্যক্ষদর্শীরা জানান, অন্তত সাতটি ককটেল বিস্ফোরণ ঘটেছে। কেন্দ্রে মোট ভোটার সংখ্যা ৩,৯০৬, যার মধ্যে দুপুর ১২টা পর্যন্ত ১,২৫০ ভোট পড়েছে বলে জানিয়েছেন প্রিসাইডিং কর্মকর্তা আতিকুল ইসলাম।

বিএনপির প্রার্থী কামরুল হুদার নেতা-কর্মীরা অভিযোগ করেছেন, সুষ্ঠু ভোটের পরিবেশ নষ্ট করতে জামায়াত-শিবিরের লোকজন এই বিস্ফোরণ ঘটিয়েছে। তবে জামায়াতের প্রার্থী সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহেরের পক্ষ এ অভিযোগ অস্বীকার করেছে।

প্রিসাইডিং কর্মকর্তা আতিকুল ইসলাম জানান, সকাল থেকেই ভোটগ্রহণ শান্তিপূর্ণভাবে চলছিল। ককটেল বিস্ফোরণের পর সেনাবাহিনী থাকায় দ্রুত পরিস্থিতি স্বাভাবিক হয়। ভোটগ্রহণ এখন যথারীতি চলছে।

কেন্দ্রে দায়িত্বে থাকা পুলিশের সহকারী উপপরিদর্শক মো. রাশেদ বলেন, ভোটারদের আশ্বস্ত করা হয়েছে এবং কেন্দ্রটিতে সুষ্ঠু ভোটগ্রহণ অব্যাহত থাকবে।


মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ