Views Bangladesh Logo

রাজধানীসহ বিভিন্ন স্থানে ককটেল বিস্ফোরণ, বাসে আগুন

রাজধানীর বিভিন্ন স্থানে ককটেল বিস্ফোরণ ও বাসে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। সোমবার (৯ নভেম্বর) সন্ধ্যায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি, উত্তরা, মিরপুর, ফার্মগেট ও তেজগাঁওয়ে এসব ঘটনা ঘটে। একই দিন জগন্নাথ বিশ্ববিদ্যালয়েও ককটেল বিস্ফোরণ হয়েছে। এ ছাড়া গাজীপুরের কালিয়াকৈরে একই মালিকের দুটি বাসে আগুন দেওয়া হয়েছে।

ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) মুখপাত্র উপপুলিশ কমিশনার মো. আকতার হোসেন জানান, ককটেল বিস্ফোরণের ঘটনায় চারজনকে আটক করা হয়েছে। তাঁদের মধ্যে সিএমএম আদালত এলাকা থেকে দুজন, শ্যামপুর থেকে একজন এবং টিএসসি এলাকা থেকে একজন রয়েছেন।

উত্তরায় শান্ত-মারিয়াম ইউনিভার্সিটি ও ওয়ার্ল্ড ইউনিভার্সিটির সামনে এবং মিরপুর সরকারি বাঙলা কলেজের গেটসংলগ্ন এলাকায় ককটেল বিস্ফোরণ ঘটে। বাঙলা কলেজের গেটের পাশের একটি দোকানেও আগুন দেওয়া হয়। এ ছাড়া মিরপুর-১ ও শাহ আলী থানা এলাকায় বিস্ফোরণের ঘটনা ঘটে।

ফার্মগেট মেট্রোরেল স্টেশনের নিচে সন্ধ্যা ৬টা ৪০ মিনিটের দিকে লাব্বাইক পরিবহনের একটি বাসে আগুন দেওয়া হয়। একই সময়ে তেজগাঁও শিল্পাঞ্চল এলাকায় দুটি ককটেল বিস্ফোরণ ঘটে বলে জানান তেজগাঁও বিভাগের উপপুলিশ কমিশনার মো. ইবনে মিজান।

সন্ধ্যা সাড়ে ৭টার দিকে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় গেটসংলগ্ন পার্কিং এলাকায় দুটি বাসের মাঝখানে ককটেল বিস্ফোরণ ঘটে। এ ঘটনায় বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থীকে সন্দেহভাজন হিসেবে আটক করে শাখা ছাত্রদল। আটক রেজওয়ান আহমেদ মনোবিজ্ঞান বিভাগের ২০২১-২২ শিক্ষাবর্ষের শিক্ষার্থী। তিনি ছাত্রলীগের কর্মী বলে প্রাথমিকভাবে জানা গেছে।

অন্যদিকে, গাজীপুরের কালিয়াকৈরের চন্দ্রা ত্রিমোড় এলাকায় আজমেরী পরিবহনের দুটি বাসে আগুন দেওয়া হয়েছে। সোমবার সন্ধ্যায় একটি বাসে আগুন দেওয়া হয়। এর আগে ভোরে একই মালিকের আরেকটি বাসে আগুন দেওয়া হয়। ফায়ার সার্ভিসের দুটি ইউনিট প্রায় আধা ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। ঘটনাগুলো তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে পুলিশ।

মতামত দিন

Avatar

ট্রেন্ডিং ভিউজ