বরিশাল জজ কোর্টের ফটকে ককটেল বিস্ফোরণ, আদালত এলাকায় আতঙ্ক
বরিশাল জেলা ও দায়রা জজ আদালতের প্রধান ফটকের সামনে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। বুধবার (১২ আগস্ট) সকাল সাড়ে ১০টার দিকে এ ঘটনা ঘটে। বিস্ফোরণের পর আদালত এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়লেও এতে কেউ হতাহত হননি।
প্রত্যক্ষদর্শীদের ভাষ্য, অজ্ঞাতপরিচয় এক ব্যক্তি আদালতের প্রধান ফটকের সামনে ককটেল সদৃশ একটি বস্তু বিস্ফোরণ ঘটিয়ে দ্রুত সেখান থেকে সরে যান। মুহূর্তেই বিকট শব্দের সঙ্গে ধোঁয়া ছড়িয়ে পড়ে। এতে আদালত চত্বরে থাকা আইনজীবী, বিচারপ্রার্থী ও সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক তৈরি হয়।
বিস্ফোরণের শব্দ শুনে ফটকে দায়িত্ব পালনরত পুলিশ সদস্যরা ঘটনাস্থলে ছুটে যান। সেখানে ককটেল সদৃশ বিস্ফোরকটির বিস্ফোরিত অংশ পড়ে থাকতে দেখা যায়। কীভাবে এটি সেখানে আনা হয়েছিল বা বিস্ফোরণের আগে কোথায় রাখা হয়েছিল, তাৎক্ষণিকভাবে তা নিশ্চিত হওয়া যায়নি।
ঘটনার খবর পেয়ে বরিশাল কোর্ট পরিদর্শক তারক বিশ্বাস, আদালত পুলিশের পরিদর্শক আনোয়ার হোসেনসহ কোতোয়ালি মডেল থানা, মহানগর গোয়েন্দা পুলিশ ও সিআইডির সদস্যরা ঘটনাস্থলে পৌঁছান। পরে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারাও ঘটনাস্থল পরিদর্শন করেন এবং প্রয়োজনীয় আলামত সংগ্রহ করেন।
কোর্ট পরিদর্শক তারক বিশ্বাস বলেন, ককটেলটি কীভাবে বিস্ফোরিত হয়েছে, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। আদালত চত্বরের সিসিটিভি ক্যামেরার ফুটেজ সংগ্রহ করে পর্যালোচনা করা হচ্ছে। ফুটেজ বিশ্লেষণের মাধ্যমে ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিকে শনাক্তের চেষ্টা চলছে।
আদালত পুলিশের পরিদর্শক আনোয়ার হোসেন জানান, বিস্ফোরণের পর আদালত চত্বর ও আশপাশের এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়েছে। ঘটনার কারণ ও জড়িতদের শনাক্ত করতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর একাধিক ইউনিট কাজ করছে। ঘটনায় এখন পর্যন্ত কোনো হতাহতের তথ্য পাওয়া যায়নি।
মতামত দিন