‘ককটেল ২’ বক্স অফিসে ঝড়: দুই দিনে ৫১ কোটি রুপি আয়
শাহিদ কাপুর, কৃতি শ্যানন ও রাশমিকা মান্দানা অভিনীত রোমান্টিক-কমেডি সিনেমা ‘ককটেল ২’ মুক্তির শুরুতেই বক্স অফিসে শক্ত অবস্থান তৈরি করেছে। হোমি আদাজানিয়ার পরিচালনায় নির্মিত এই ছবিটি প্রথম দিন থেকেই দর্শকদের মধ্যে ব্যাপক আগ্রহ সৃষ্টি করে।
একই দিনে ‘টয় স্টোরি ৫’ এবং সামান্থা রুথ প্রভুর ‘মা ইনটি বাঙ্গারাম’ এর মত বড় বাজেটের ছবি মুক্তি পেলেও বক্স অফিস দৌড়ে এগিয়ে রয়েছে ‘ককটেল ২’।
ভারতীয় গণমাধ্যমের তথ্য অনুযায়ী, ছবিটি মুক্তির প্রথম দিনে ভারতে আয় করে ১৩ কোটি ৫০ লাখ রুপি। দ্বিতীয় দিনে আয় দাঁড়ায় ১৬ কোটি ২৫ লাখ রুপি। ফলে দুই দিনে শুধু ভারতেই মোট আয় পৌঁছায় ২৯ কোটি ৭৫ লাখ রুপিতে, যার গ্রস কালেকশন প্রায় ৩৫ কোটি ৭০ লাখ রুপি।
বিশ্বব্যাপী বাজারেও ছবিটি শক্তিশালী পারফরম্যান্স দেখিয়েছে। প্রথম দিনে বিশ্বজুড়ে আয় ছিল ২০ কোটি ২০ লাখ রুপি, আর দ্বিতীয় দিনে আন্তর্জাতিক আয় যুক্ত হয় আরও ১৫ কোটি ২৫ লাখ রুপি। এতে দুই দিনে মোট বিশ্বব্যাপী আয় দাঁড়িয়েছে প্রায় ৫০ কোটি ৯৫ লাখ রুপিতে।
লভ রঞ্জন ও তরুণ জৈনের লেখা গল্পে নির্মিত ছবিটি সমালোচক ও দর্শকদের কাছ থেকে মিশ্র প্রতিক্রিয়া পেলেও বক্স অফিসে তার প্রভাব পড়েনি। চলচ্চিত্রটি ২০১২ সালের হিট ‘ককটেল’-এর ফ্র্যাঞ্চাইজি হিসেবে প্রচার পেলেও কৃতি শ্যানন আগেই স্পষ্ট করেছেন, এটি মূলত নতুন গল্প ও নতুন চরিত্র নিয়ে তৈরি একটি স্বতন্ত্র ফ্র্যাঞ্চাইজি।
গল্পে দেখা যায় দুই শৈশবের বন্ধু ক্রুনাল ও দিয়ার জীবন। ছুটিতে ইতালির সিসিলিতে গিয়ে ১০ বছর পর দিয়া তার পুরোনো বান্ধবী অ্যালির সঙ্গে দেখা পায়। এরপর একটি নিরীহ পরিকল্পনা ধীরে ধীরে তাদের জীবনে জটিলতা ও অপ্রত্যাশিত বিপর্যয় ডেকে আনে।
মতামত দিন