Views Bangladesh Logo

সুন্দরবনে কোস্ট গার্ড স্টেশনে হামলা, কয়েকজন সদস্য আহত

সুন্দরবনের জয়মনিরঘোল এলাকায় বাংলাদেশ কোস্ট গার্ডের একটি স্টেশনে হামলা চালিয়েছে দুর্বৃত্তরা। এতে দায়িত্বে থাকা কয়েকজন কোস্ট গার্ড সদস্য আহত হয়েছেন। পরে যৌথ অভিযান শুরু করে বাহিনীটি।

বৃহস্পতিবার (১১ জুন) বিকেলে কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।

প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, সুন্দরবনের সামগ্রিক নিরাপত্তা নিশ্চিত করা, বনদস্যু দমন, জীববৈচিত্র্য সংরক্ষণ এবং উপকূলীয় এলাকায় আইনশৃঙ্খলা রক্ষায় নিয়মিতভাবে দায়িত্ব পালন করে আসছে বাংলাদেশ কোস্ট গার্ড।

এ উদ্দেশ্যে সুন্দরবনের বিভিন্ন এলাকায় নিয়মিত টহল, গোয়েন্দা নজরদারি ও অভিযান পরিচালনা করা হচ্ছে, যাতে চুরি, ডাকাতি ও নাশকতা রোধ করা যায়।

মোংলা থানার আওতাধীন জয়মনিরঘোল এলাকা দীর্ঘদিন ধরে বনদস্যু ও তাদের সহযোগীদের আশ্রয়স্থল হিসেবে পরিচিত বলে দাবি করেছে কোস্ট গার্ড। এ কারণেই সেখানে একটি স্টেশন স্থাপন করা হয়। স্টেশন স্থাপনের পর থেকে ওই এলাকায় বনদস্যুদের রসদ, অস্ত্র ও লজিস্টিক সহায়তা অনেকাংশে বন্ধ হয়ে গেছে বলে জানানো হয়।

কোস্ট গার্ডের দাবি, এরই ধারাবাহিকতায় বৃহস্পতিবার আকস্মিকভাবে দুর্বৃত্তরা জয়মনিরঘোল স্টেশনে হামলা ও ভাঙচুর চালায়। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয় এবং ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান চলছে।

কোস্ট গার্ড আরও জানায়, প্রাথমিক তথ্য ও স্থানীয় পরিস্থিতি বিশ্লেষণে ধারণা করা হচ্ছে, কিছু স্বার্থান্বেষী মহল ও অসাধু চক্র পরিকল্পিতভাবে হামলা, ভাঙচুর ও অপপ্রচার চালাচ্ছে, যাতে ওই এলাকা থেকে কোস্ট গার্ডকে সরিয়ে নিজেদের অবৈধ কার্যক্রম চালানো যায়। এ বিষয়ে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানানো হয়েছে।

মতামত দিন

Avatar

ট্রেন্ডিং ভিউজ