Views Bangladesh Logo

টেকনাফ উপকূলে মানবপাচার চক্রের নৌকা থেকে ৫০ জন উদ্ধার, আটক ৯

 VB  Desk

ভিবি ডেস্ক

কক্সবাজারের টেকনাফ উপকূলে সাগরপথে মালয়েশিয়ায় পাচারের উদ্দেশ্যে নেওয়া একটি নৌকা থেকে ৫০ জনকে উদ্ধার করেছে বাংলাদেশ কোস্ট গার্ড।

উদ্ধার হওয়াদের মধ্যে ১১ জন রোহিঙ্গা এবং বাকিরা বাংলাদেশের বিভিন্ন জেলার বাসিন্দা বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

শুক্রবার সন্ধ্যা ৬টা থেকে রাত ১২টা পর্যন্ত বাহারছড়া সংলগ্ন সমুদ্র এলাকায় কোস্ট গার্ডের বিশেষ অভিযান পরিচালিত হয়।

অভিযানে কোস্ট গার্ড জাহাজ মনসুর আলী, স্টেশন টেকনাফ, আউটপোস্ট শাহপরী দ্বীপ ও বাহারছড়া ইউনিট অংশ নেয়।

কোস্ট গার্ড জানায়, সন্দেহভাজন নৌকাটিকে থামার সংকেত দেওয়া হলেও সেটি নির্দেশ অমান্য করে গভীর সমুদ্রের দিকে পালানোর চেষ্টা করে। পরে ধাওয়া করে নৌকাটি আটক করা হয়।

অভিযানে মানবপাচার চক্রের সঙ্গে জড়িত সন্দেহে ৯ জনকে আটক করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে, সংঘবদ্ধ পাচারচক্র বিদেশে উচ্চ বেতনের চাকরি ও উন্নত জীবনের প্রলোভন দেখিয়ে ভুক্তভোগীদের টেকনাফে নিয়ে আসে। পরে তাদের গোপন আস্তানায় আটকে রেখে নির্যাতন করে মুক্তিপণ আদায় করা হতো এবং এরপর সাগরপথে মালয়েশিয়াসহ বিভিন্ন দেশে পাচারের পরিকল্পনা ছিল।

এছাড়া কয়েকজনকে দেশের বিভিন্ন স্থান থেকে অপহরণ করে মুক্তিপণ আদায়ের তথ্যও পাওয়া গেছে বলে জানিয়েছে কোস্ট গার্ড।

উদ্ধার হওয়া ব্যক্তিদের ও আটক সন্দেহভাজনদের বিরুদ্ধে আইনি প্রক্রিয়া চলছে। মানবপাচার প্রতিরোধে অভিযান অব্যাহত থাকবে বলেও জানিয়েছে সংস্থাটি।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ