Views Bangladesh Logo

গভীর সমুদ্রে ইঞ্জিন বিকল হওয়া ট্রলার থেকে ১৮ জেলে উদ্ধার

কক্সবাজার উপকূলের গভীর সমুদ্রে ইঞ্জিন বিকল হয়ে ভাসতে থাকা একটি মাছ ধরার ট্রলার থেকে ১৮ জন জেলেকে জীবিত উদ্ধার করেছে বাংলাদেশ কোস্ট গার্ড।

বুধবার সকালে কোস্ট গার্ডের গণমাধ্যম শাখার কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।

বিজ্ঞপ্তিতে বলা হয়, মঙ্গলবার সকাল ৬টার দিকে ‘এফবি নিশান-২’ নামের একটি মাছ ধরার ট্রলার ১৮ জন জেলেকে নিয়ে মাছ ধরা শেষে উপকূলে ফিরছিল। পথে সাঙ্গু গ্যাসক্ষেত্র থেকে প্রায় ১০ নটিক্যাল মাইল দূরে গভীর সমুদ্রে ট্রলারটির ইঞ্জিন বিকল হয়ে যায়। ফলে ট্রলারটি সাগরে ভাসতে থাকে।

দুপুর ১টার দিকে ট্রলারে থাকা এক জেলে মোবাইল ফোনে বিষয়টি ট্রলারের মালিককে জানান। পরে মালিক জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন করে সহায়তা চান। খবর পেয়ে সমুদ্রে টহলরত কোস্ট গার্ডের জাহাজ শ্যামল বাংলা ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান চালায়।

অভিযানে ট্রলারসহ ১৮ জন জেলেকে নিরাপদে উদ্ধার করা হয়। পরে তাদের প্রাথমিক চিকিৎসা ও খাবার দেওয়া হয় এবং ট্রলারসহ মালিকপক্ষের কাছে হস্তান্তর করা হয়।

কোস্ট গার্ডের গণমাধ্যম কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন বলেন, সমুদ্রে জেলেদের নিরাপত্তা নিশ্চিত করতে এবং জরুরি পরিস্থিতিতে দ্রুত সাড়া দিতে কোস্ট গার্ড নিয়মিত টহল ও উদ্ধার অভিযান পরিচালনা করছে। ভবিষ্যতেও এ ধরনের মানবিক উদ্ধার কার্যক্রম অব্যাহত থাকবে।

মতামত দিন

Avatar

ট্রেন্ডিং ভিউজ