Views Bangladesh Logo

ইংরেজি মাধ্যম স্কুল নিয়ন্ত্রণ এবং কোচিং সেন্টার আসবে আইনের আওতায়: শিক্ষামন্ত্রী

কোচিং সেন্টারগুলোকে আইনের আওতায় আনা হবে এবং ইংরেজি মাধ্যম স্কুলগুলোকে জবাবদিহিতা ও নিয়ন্ত্রক কাঠামোর মধ্যে আনা হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডা. আ ন ম এহসানুল হক মিলন।

বুধবার (১৫ এপ্রিল) সিলেটে এসএসসি ও সমমান পরীক্ষার কেন্দ্র সচিবদের সঙ্গে মতবিনিময় সভা শেষে তিনি এ কথা জানান।

শিক্ষামন্ত্রী বলেন, অনলাইন ক্লাস নিয়ে বিভিন্ন মহলে সমালোচনা থাকলেও বর্তমান পরিস্থিতির কারণে অনলাইন ও অফলাইন—উভয় মাধ্যমেই ক্লাস পরিচালনা করা হচ্ছে।

তিনি জানান, শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের সঙ্গে আলোচনা করে দেখা গেছে, অধিকাংশই অনলাইন ক্লাস চান না।

তিনি আরও বলেন, ইংরেজি মাধ্যম শিক্ষা দেশের বাস্তবতা হলেও এটি দীর্ঘদিন ধরে শিক্ষা মন্ত্রণালয়ের পূর্ণ নিয়ন্ত্রণের বাইরে ছিল, যা গ্রহণযোগ্য নয়। এ খাতকে অবশ্যই জবাবদিহিতার আওতায় আনা হবে।

মন্ত্রী জানান, ইংরেজি মাধ্যম স্কুলগুলোর উচ্চ বেতন ও শিক্ষকদের বেতন কাঠামো নিয়ে প্রশ্ন রয়েছে। একই সঙ্গে পাঠ্যক্রম, মান নিয়ন্ত্রণ এবং সামাজিক দায়বদ্ধতা নিয়েও আলোচনা চলছে। এ বিষয়ে একটি কার্যকর নিয়ন্ত্রক বোর্ড গঠনের প্রক্রিয়া চলছে বলেও তিনি জানান।

তিনি সতর্ক করে বলেন, শিক্ষা যদি কেবল ধনীদের মধ্যে সীমাবদ্ধ থাকে, তাহলে তা দেশের শিক্ষাব্যবস্থায় বৈষম্য তৈরি করবে।

এছাড়া তিনি জানান, স্কুল ও কলেজগুলোতে সৌরবিদ্যুৎ ব্যবহার বাড়ানোর পরিকল্পনা রয়েছে এবং প্রয়োজনীয় জায়গায় দ্রুত শিক্ষক নিয়োগের উদ্যোগ নেওয়া হচ্ছে।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ