প্রাণনাশের হুমকিতে দেশ ছাড়লেন দক্ষিণ কোরিয়ার কোচ হং মিয়ুং-বো
বিশ্বকাপে হতাশাজনক পারফরম্যান্সের পর তীব্র সমালোচনা ও প্রাণনাশের হুমকির মুখে দক্ষিণ কোরিয়ার জাতীয় ফুটবল দলের প্রধান কোচ হং মিয়ুং-বো দেশ ছেড়ে যুক্তরাষ্ট্রে চলে গেছেন।
ব্রাজিলের সংবাদমাধ্যম ও’গ্লোবো, দক্ষিণ কোরিয়ার গণমাধ্যমের বরাত দিয়ে জানিয়েছে, ৫৭ বছর বয়সী হং মিয়ুং-বো জাতীয় দলের সঙ্গে দেশে ফেরার মাত্র দুই দিন পরই লস অ্যাঞ্জেলেসের উদ্দেশে রওনা হন। এর আগে বিশ্বকাপ ব্যর্থতার তদন্তের ঘোষণা দেন দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট। এরপরই কোচের পদ থেকে সরে দাঁড়ান তিনি।
বিমানবন্দরে সাংবাদিকদের এড়িয়ে যাওয়ার চেষ্টা করলেও শেষ পর্যন্ত বোর্ডিংয়ের আগে তিনি সংক্ষিপ্ত প্রতিক্রিয়া দেন। দলের ভেতরে কোনো বিভাজন বা কোন্দলের গুঞ্জন নাকচ করে তিনি বলেন, খেলোয়াড়দের মধ্যে কোনো অভ্যন্তরীণ সমস্যা ছিল না। তবে প্রাণনাশের হুমকি নিয়ে কোনো মন্তব্য করেননি।
বিশ্বকাপে চেক প্রজাতন্ত্রকে হারিয়ে দারুণ সূচনা করলেও পরের দুই ম্যাচে মেক্সিকো ও দক্ষিণ আফ্রিকার কাছে হেরে গ্রুপ পর্ব থেকেই বিদায় নেয় দক্ষিণ কোরিয়া। এরপর থেকেই কোচ হং মিয়ুং-বোর বিরুদ্ধে সমালোচনা তীব্র হতে থাকে।
স্থানীয় সংবাদমাধ্যমের খবরে বলা হয়েছে, সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক সমালোচনার পাশাপাশি রাজপথেও তার বিরুদ্ধে বিক্ষোভ হয়েছে। বিভিন্ন ব্যবসাপ্রতিষ্ঠানে এমন সাইনবোর্ডও টাঙানো হয়, যেখানে উল্লেখ ছিল—হং মিয়ুং-বোকে সেখানে স্বাগত জানানো হবে না।
জাতীয় দল দেশে ফেরার সময় বিমানবন্দরেও বিক্ষোভ করেন সমর্থকেরা। তারা কোচের পদত্যাগের দাবিতে স্লোগান দেন।
দক্ষিণ কোরিয়ার ফুটবল ইতিহাসের অন্যতম কিংবদন্তি খেলোয়াড় হং মিয়ুং-বো ক্লাব ফুটবলে সফল কোচ হিসেবে পরিচিত। তবে জাতীয় দলের দায়িত্ব নিয়ে প্রত্যাশা পূরণ করতে না পারায় বিশ্বকাপ-পরবর্তী সময়ে তাকে কঠিন পরিস্থিতির মুখোমুখি হতে হয়েছে।
মতামত দিন