রোজায় সিএনজি স্টেশন বন্ধের সময় ৩ ঘণ্টা বাড়ল
রোজার মাসে ইফতারের সময় বিদ্যুৎ উৎপাদনে গ্যাসের চাহিদা মেটাতে সিএনজি ফিলিং স্টেশন বন্ধ রাখার সময় তিন ঘণ্টা বাড়িয়েছে সরকার।
শুক্রবার জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ এক প্রজ্ঞাপনে জানায়, প্রথম রোজা থেকে ১৪ মার্চ পর্যন্ত প্রতিদিন বিকাল ৩টা থেকে রাত ৯টা পর্যন্ত সিএনজি স্টেশন বন্ধ রাখতে হবে।
এর আগে প্রতিদিন সন্ধ্যা ৬টা থেকে রাত ৯টা পর্যন্ত তিন ঘণ্টা সিএনজি স্টেশন বন্ধ রাখা হতো। নতুন সিদ্ধান্ত অনুযায়ী সময় বাড়িয়ে ছয় ঘণ্টা করা হয়েছে।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, গ্যাস বিতরণ নেটওয়ার্কে স্বল্পচাপ পরিস্থিতি নিরসনের লক্ষ্যে প্রথম রোজা হতে ১৪ মার্চ পর্যন্ত বর্তমান সিএনজি স্টেশনসমূহ বন্ধের সময়কাল বর্ধিত করে বিকাল ৩টা হতে রাত ৯টা পর্যন্ত, অর্থাৎ মোট ৬ ঘণ্টা পুনঃনির্ধারণ করতে হবে।
রোজায় বিদ্যুৎ খাতে গ্যাসের চাহিদা বৃদ্ধি এবং ইফতারের সময় নিরবচ্ছিন্ন গ্যাস সরবরাহ নিশ্চিত করতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানানো হয়।
এছাড়া আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে ১৫ থেকে ২৫ মার্চ পর্যন্ত সিএনজি ও ফিলিং স্টেশন সার্বক্ষণিক খোলা রাখার নির্দেশ দেওয়া হয়েছে, যাতে মহাসড়কে যাত্রী চলাচল স্বাভাবিক থাকে এবং জ্বালানি সরবরাহে কোনো বিঘ্ন না ঘটে।
প্রজ্ঞাপনে আরও বলা হয়েছে, ২৬ মার্চ থেকে আগের নিয়ম অনুযায়ী প্রতিদিন সন্ধ্যা ৬টা থেকে রাত ৯টা পর্যন্ত সিএনজি স্টেশন বন্ধ রাখতে হবে।
মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে