Views Bangladesh Logo

২৫ লাখ টাকার ‘কিলিং মিশন’, কাফরুলে যুবদলকর্মী হত্যাকাণ্ডে নতুন তথ্য দিল ডিবি

রাজধানীর কাফরুলে যুবদলকর্মী মো. ইউসুফ হত্যা মামলায় সাতজনকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি) ও কাফরুল থানা পুলিশ। ডিবির দাবি, কাফরুল থানা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক হাফিজুর রহমান হাফিজ ওরফে ‘সিএনজি হাফিজ’ যুবদল নেতা হাফিজুল ইসলাম বাবুকে হত্যার উদ্দেশ্যে ২৫ লাখ টাকার চুক্তিতে পেশাদার শুটার ভাড়া করেছিলেন। তবে হামলার সময় লক্ষ্যভ্রষ্ট গুলিতে নিহত হন যুবদলকর্মী ইউসুফ এবং আহত হন আরও দুজন।

সোমবার রাজধানীর মিন্টো রোডে ডিএমপি মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনে ডিবির অতিরিক্ত কমিশনার শফিকুল ইসলাম বলেন, এলাকায় ময়লার টেন্ডার, ফুটপাত দখল এবং আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দীর্ঘদিনের বিরোধ থেকেই এই হত্যার পরিকল্পনা করা হয়। তিনি জানান, হত্যাকাণ্ডে সরাসরি অংশ নেওয়া চার শুটারসহ মোট আটজনকে গ্রেপ্তার করা হয়েছে এবং অভিযানে মোট ১১ জন অংশ নিয়েছিল। ঘটনার মূল পরিকল্পনাকারী হাফিজুর রহমান এখনও পলাতক।

ডিবির তথ্য অনুযায়ী, গ্রেপ্তার ব্যক্তিরা জিজ্ঞাসাবাদে জানিয়েছেন, ২৫ লাখ টাকার চুক্তির বিপরীতে তাদের অগ্রিম ৫০ হাজার টাকা দেওয়া হয়েছিল। গত ২৯ জুন প্রথম দফায় ঢাকায় এসে তারা পরিকল্পনা করলেও অস্ত্রে আকস্মিক মিসফায়ারের ঘটনায় সে সময় হামলা স্থগিত করা হয়। পরে ২২ জুলাই আবার ঢাকায় এসে ২৩ জুলাই রাতে চূড়ান্ত প্রস্তুতি নেয় তারা।

তদন্তে জানা গেছে, ঘটনার দিন অভিযুক্তরা হাফিজুল ইসলাম বাবুর কার্যালয়ের সামনে অবস্থান নেয়। বাবু তাদের সন্দেহজনক আচরণ দেখে পরিচয় জানতে চাইলে এবং তল্লাশির চেষ্টা করলে এক হামলাকারী পিস্তল বের করে গুলি চালায়। এতে ইউসুফ বুকে গুলিবিদ্ধ হয়ে নিহত হন এবং সবজি বিক্রেতা নালাম সরদার ও মনির হোসেন আহত হন।

ডিবি জানায়, হামলার পর পালিয়ে যাওয়ার সময় স্থানীয় লোকজন অস্ত্রসহ একজনকে আটক করে পুলিশের হাতে তুলে দেন। তার কাছ থেকে একটি বিদেশি পিস্তল ও চার রাউন্ড গুলি উদ্ধার করা হয়। পরে গ্রেপ্তার ব্যক্তিদের দেওয়া তথ্যের ভিত্তিতে ঢাকাসহ মাগুরা, শরীয়তপুর ও যশোরের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে আরও কয়েকজনকে আটক করা হয়।

২৪ জুলাই রাত সোয়া ১১টার দিকে কাফরুলের ওপেক্স গার্মেন্টসের দক্ষিণ পাশের লিংক রোড এলাকায় এ গুলির ঘটনা ঘটে। নিহত ইউসুফের বড় ভাই বাদী হয়ে কাফরুল থানায় হত্যা মামলা দায়ের করেছেন। মামলার তদন্ত চলছে এবং পলাতক আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।

মতামত দিন

Avatar

ট্রেন্ডিং ভিউজ