চট্টগ্রামে গ্যাস সংকটে অটোরিকশাচালকদের সড়ক অবরোধ
দীর্ঘ সময় অপেক্ষার পরও গ্যাস না পেয়ে চট্টগ্রাম নগরের ষোলশহর এলাকায় সড়ক অবরোধ করেছেন সিএনজিচালিত অটোরিকশাচালকেরা। শুক্রবার ভোরে কয়েক শ চালক সড়কে অবস্থান নিলে মুরাদপুর থেকে ২ নম্বর গেট পর্যন্ত প্রধান সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়।
স্থানীয় সূত্র জানায়, ফসিল ফিলিং স্টেশনের সামনে গ্যাস নেওয়ার জন্য রাতভর শত শত অটোরিকশা দীর্ঘ লাইনে দাঁড়িয়ে ছিল। কিন্তু সরবরাহ না থাকায় গ্যাস দেওয়া সম্ভব হয়নি। এতে ক্ষুব্ধ চালকেরা সড়কে নেমে অবরোধ করেন।
ফসিল ফিলিং স্টেশনের এক কর্মকর্তা জানান, গ্যাস সরবরাহ না থাকায় তারা কোনো যানবাহনে গ্যাস দিতে পারছেন না।
পাঁচলাইশ থানার ওসি মো. জহেদুল ইসলাম বলেন, পরিস্থিতি স্বাভাবিক করতে পুলিশ চালকদের সড়ক থেকে সরিয়ে দেওয়ার চেষ্টা করছে। অপ্রীতিকর ঘটনা এড়াতে ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
মতামত দিন