গ্যাস সংকটের প্রতিবাদে জামালপুরে অটোরিকশাচালকদের সড়ক অবরোধ
গ্যাস সরবরাহ স্বাভাবিক করার দাবিতে জামালপুর-টাঙ্গাইল আঞ্চলিক মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করেছেন সিএনজিচালিত অটোরিকশাচালকরা। বৃহস্পতিবার (১৩ আগস্ট)সকাল ৬টা থেকে তাদের এই অবরোধ কর্মসূচি শুরু হয়।
এর ফলে মহাসড়কের দুই পাশে কয়েক কিলোমিটার দীর্ঘ যানজটের সৃষ্টি হয়েছে। এতে দূরপাল্লার ও স্থানীয় যাত্রী এবং কর্মস্থলগামী মানুষ চরম দুর্ভোগে পড়েছেন।
বিক্ষোভকারী চালকদের অভিযোগ, পাম্পগুলোতে দীর্ঘ সময় লাইনে দাঁড়িয়ে অপেক্ষা করেও প্রয়োজনীয় পরিমাণ গ্যাস পাচ্ছেন না তাঁরা। এতে অটোরিকশা চালাতে না পারায় আয়-রোজগার ব্যাহত হচ্ছে। দ্রুত গ্যাস সরবরাহ স্বাভাবিক করার দাবি জানিয়েছেন তারা।
ভোগান্তির কথা জানিয়ে অটোরিকশাচালক আশরাফুল বলেন, ‘রাতভর অপেক্ষা করেও গ্যাস না পাওয়ায় গাড়ি চালানো সম্ভব হচ্ছে না। ফলে গাড়ির জমার টাকা জোগাড় করাসহ পরিবারের খরচ চালানো কঠিন হয়ে পড়েছে।’
একই অভিযোগ তুলে সুরুজ আলী নামে আরেক চালক জানান, গ্যাস সরবরাহে অনিয়মের কারণে অনেক চালক প্রয়োজনীয় গ্যাস পাচ্ছেন না। দ্রুত সরবরাহ স্বাভাবিক করার পাশাপাশি বিকল্প ব্যবস্থা নেওয়া হোক।
এদিকে সকাল থেকে মহাসড়ক বন্ধ থাকায় জামালপুর থেকে টাঙ্গাইল, রাজধানী ঢাকা ও উত্তরবঙ্গগামী দূরপাল্লার বাস, ট্রাক ও পিকআপসহ অসংখ্য যানবাহন আটকা পড়ে। যানজট দীর্ঘ হতে থাকায় বাধ্য হয়ে অনেক যাত্রীকে গাড়ি থেকে নেমে পায়ে হেঁটে গন্তব্যের উদ্দেশ্যে রওনা হতে দেখা যায়।
পরিস্থিতি নিয়ন্ত্রণে ও যান চলাচল স্বাভাবিক করার বিষয়ে জামালপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নাজনীন আখতার বলেন, ‘অবরোধকারীদের সঙ্গে কথা বলে সড়ক অবরোধ তুলে নেওয়ার চেষ্টা চলছে।’
মতামত দিন