জামিনে বেরিয়ে খুন হলেন সিএমপির তালিকাভুক্ত শীর্ষ দুষ্কৃতকারী ‘পিচ্চি জাহেদ’
আদালত থেকে জামিনে মুক্ত হয়ে এলাকায় ফিরে আসার মাত্র কয়েক মাসের মাথায় খুন হলেন চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) ১ নম্বর তালিকাভুক্ত দুষ্কৃতকারী জাহেদুল ইসলাম (৩৫) ওরফে ‘পিচ্চি জাহেদ’।
রবিবার (৩০ আগস্ট) দিবাগত রাতে চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার পুরানগড় ইউনিয়নের দক্ষিণ এলাকায় তাকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করা হয়।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, রাতে মোটরসাইকেল যোগে পুরানগড় ইউনিয়নের দক্ষিণ এলাকার একটি সড়ক দিয়ে যাচ্ছিলেন জাহেদ। এ সময় আগে থেকে ওত পেতে থাকা একদল দুর্বৃত্ত তার গতিপথ রোধ করে তাকে ঘিরে ধরে। এরপর তার মাথায় ধারালো অস্ত্র দিয়ে উপর্যুপরি কোপানো হয়। পরে স্থানীয় লোকজন ও পরিবারের সদস্যরা তাকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
সিএমপির তথ্য অনুযায়ী, চলতি বছরের শুরুতে জননিরাপত্তার স্বার্থে নগরীতে প্রবেশ ও অবস্থানের ওপর নিষেধাজ্ঞা দেওয়া ৩৩০ জন দুষ্কৃতকারীর তালিকার ১ নম্বরে ছিলেন এই ‘পিচ্চি জাহেদ’। তার বিরুদ্ধে অবৈধ অস্ত্র, মাদক ব্যবসা, চাঁদাবাজি ও সন্ত্রাসী কর্মকাণ্ডসহ একাধিক মামলা রয়েছে।
এর আগে, চলতি বছরের ১৯ জানুয়ারি দিবাগত রাতে সাতকানিয়ার পুরানগড় এলাকায় সেনাবাহিনী ও যৌথ বাহিনীর এক অভিযানে ১০৪টি ইয়াবা ও ১৫টি দেশীয় অস্ত্রসহ গ্রেপ্তার হন তিনি। তবে পরবর্তীতে জামিনে মুক্ত হয়ে এলাকায় ফিরে আসেন জাহেদ।
পুলিশের প্রাথমিক ধারণা— মাদক ও অস্ত্রের কারবার, আধিপত্য বিস্তার, অপরাধী চক্রগুলোর বিরোধ কিংবা পুরোনো শত্রুতার জেরে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে থাকতে পারে।
এ প্রসঙ্গে সাতকানিয়া সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ আরিফুল ইসলাম সিদ্দিকী সংবাদমাধ্যমকে বলেন, ‘খবর পেয়ে পুলিশের একটি দল ঘটনাস্থলে গিয়ে আলামত সংগ্রহ ও সুরতহাল প্রতিবেদন তৈরি করেছে। ময়নাতদন্তের জন্য মরদেহটি চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।’
মতামত দিন