Views Bangladesh Logo

ছাত্রদল-এনসিপি উত্তেজনায় জিইসি-দেওয়ানহাট সড়কে মিছিল-সমাবেশ নিষিদ্ধ

চট্টগ্রামে জুলাই আন্দোলনের গ্রাফিতি মুছে ফেলার অভিযোগকে কেন্দ্র করে ছাত্রদল ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ার পর নগরীর জিইসি মোড় থেকে দেওয়ানহাট পর্যন্ত সড়কে সব ধরনের মিছিল ও সমাবেশ নিষিদ্ধ করেছে পুলিশ।

সোমবার সকাল থেকে পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত এ নিষেধাজ্ঞা কার্যকর থাকবে বলে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ কমিশনার হাসান মো. শওকত আলী স্বাক্ষরিত গণবিজ্ঞপ্তিতে জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, শান্তি-শৃঙ্খলা রক্ষা ও জননিরাপত্তার স্বার্থে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ অধ্যাদেশ ১৯৭৮-এর ৩০ ধারার ক্ষমতাবলে এই নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।

জানা গেছে, টাইগারপাস এলাকায় এলিভেটেড এক্সপ্রেসওয়ের কয়েকটি পিলারে চট্টগ্রাম সিটি করপোরেশনের পক্ষ থেকে হলুদ ও সাদা রং করা হয়। ওই পিলারগুলোতে জুলাই আন্দোলনের স্মরণে চিত্রকর্ম আঁকা ছিল। সিটি করপোরেশনের নির্দেশে সেই গ্রাফিতি মুছে ফেলা হয়েছে— এই অভিযোগ তুলে রোববার সন্ধ্যার পর বিক্ষোভে নামেন এনসিপির নেতাকর্মীরা।

এনসিপির বিক্ষোভ থেকে মেয়র শাহাদাত হোসেনের বিরুদ্ধে বক্তব্য দেওয়া হলে তার প্রতিবাদে একই এলাকায় রাতে পাল্টা মিছিল করেন ছাত্রদলের নেতাকর্মীরা। একপর্যায়ে রাত ১১টার পর এনসিপির নেতাকর্মীরা টাইগারপাস এলাকায় এবং ছাত্রদল ও বিএনপির নেতাকর্মীরা লালখান বাজার মোড়ে অবস্থান নিলে দুই পক্ষের মধ্যে উত্তেজনা তীব্র আকার ধারণ করে।

পরিস্থিতি সামাল দিতে রাত ১২টার দিকে সিটি মেয়র শাহাদাত হোসেন নিজে লালখান বাজার মোড়ে উপস্থিত হন এবং নেতাকর্মী ও সাংবাদিকদের উদ্দেশে বক্তব্য দেন।

মেয়র বলেন, ‘চব্বিশের আন্দোলনে আমি ওতপ্রোতভাবে জড়িত ছিলাম। শহীদ ওয়াসিম আকরাম আমার কর্মী। জুলাই-আগস্টের চেতনা আমার চেয়ে বেশি কেউ ধারণ করে না। যারা মায়াকান্না দেখাতে আসেন, আমার সামনে সেটা করবেন না।’

তিনি জানান, দুপুরে এনসিপির নেতাকর্মীরা তার কাছে এলে তিনি আর্ট কলেজের শিক্ষার্থীদের দিয়ে নতুন করে গ্রাফিতি আঁকিয়ে দেওয়ার প্রতিশ্রুতি দেন এবং তারা সন্তুষ্ট হয়ে চলে যান।

রাত পৌনে ১টায় সিটি করপোরেশনের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, মেয়রের উদ্যোগে সোমবার সকাল ১০টায় টাইগারপাস থেকে লালখান বাজার মোড় পর্যন্ত সড়কের দেয়ালে নতুন গ্রাফিতি অঙ্কন কার্যক্রম আয়োজন করা হয়েছে।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ