৪০তম বিসিএস এএসপিদের সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠিত
নানা নাটকীয়তার পর অবশেষে ৪০তম বিসিএস-এর সহকারী পুলিশ সুপার (প্রশিক্ষণার্থী)দের প্রশিক্ষণ সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠিত হয়েছে।
রোববার সকাল ১০টায় রাজশাহীর চারঘাটে অবস্থিত সারদা পুলিশ অ্যাকাডেমিতে এই কুচকাওয়াজে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল মো. জাহাঙ্গীর আলম চৌধুরী। তিনি কুচকাওয়াজের সালাম গ্রহণ করেন এবং শ্রেষ্ঠত্ব অর্জনকারী প্রশিক্ষণার্থীদের হাতে পুরস্কার তুলে দেন।
প্রধান অতিথির বক্তব্যে নতুন পুলিশ কর্মকর্তাদের উদ্দেশে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, “আপনাদেরকে পেশাদারিত্ব, আন্তরিকতা, নিষ্ঠা ও দায়িত্বশীলতার সঙ্গে দায়িত্ব পালন করতে হবে। থানায় আসা মানুষ যেন হয়রানির শিকার না হয় সেদিকে বিশেষ নজর দিতে হবে।”
তিনি জুলাই-আগস্টে ছাত্র ও জনতার বৈষম্যবিরোধী আন্দোলনের নতুন অধ্যায়ের কথা স্মরণ করে পুলিশ বাহিনীর গৌরব অক্ষুণ্ণ রাখার পরামর্শ দেন। উপদেষ্টা বলেন, “কোনো দলের প্রতি আনুগত্য না করে, তাদের এজেন্ডা বাস্তবায়ন বা অন্যায় নির্দেশ পালন করবেন না। অপেশাদার আচরণ ও বেআইনি কাজ থেকে বিরত থাকুন।”
তিনি আরও বলেন, “বাংলাদেশ রাষ্ট্র সব নাগরিকের, কোনো দলের নয়, কোনো গোষ্ঠীর নয়, কোনো সম্প্রদায়ের নয়। বাংলাদেশ পুলিশ প্রজাতন্ত্রের স্বাধীন কর্মচারী, যারা সুনির্দিষ্ট আইন মেনে চলেন। প্রজাতন্ত্রের কর্মচারী হিসেবে বাংলাদেশ পুলিশ রাষ্ট্রের সব নাগরিকের সার্বিক নিরাপত্তা ও আইনের শাসন প্রতিষ্ঠায় নিরলসভাবে কাজ করবে। তারা কোনো দলের তল্পিবাহক হয়ে এজেন্ডা বাস্তবায়ন কিংবা তাদের অন্যায্য ও অন্যায় নির্দেশনা পালন করতে গিয়ে অপেশাদার আচরণ ও বেআইনি কাজ করবে না। আজকের এই সমাপনী অনুষ্ঠানে আপনারা এই শপথে বলীয়ান হবেন।”
শেষে উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, “আজ আপনাদের এক বছরের মৌলিক প্রশিক্ষণের শেষ দিন। আজ থেকে আপনারা প্রশিক্ষিত, দক্ষ ও স্মার্ট পুলিশ কর্মকর্তা হিসেবে মাঠপর্যায়ে নাগরিকদের সেবায় নিজেদের উৎসর্গ করবেন। এই নতুন ক্যারিয়ারে আপনাদেরকে স্বাগত জানাই। আজকের এই সমাপনী অনুষ্ঠানে দক্ষ কুচকাওয়াজ উপস্থাপনের জন্য আপনাদের অভিনন্দন ও শুভ কামনা।”
জানা গেছে, ৪০তম বিসিএসের ৬৩ জন এবং ৩৮তম বিসিএসের ৩ জনসহ মোট ৬৬ জন প্রশিক্ষণার্থী সহকারী পুলিশ সুপার ২০২৩ সালের ২০ অক্টোবর থেকে এক বছরের মৌলিক প্রশিক্ষণ শুরু করেন। প্রশিক্ষণ শেষে গত বছরের ২০ অক্টোবর সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে ১ হাজার ৫০০ জনেরও বেশি অতিথি আমন্ত্রিত ছিলেন। কিন্তু আয়োজনের আগের রাতে এটি স্থগিত করে প্রশাসন। পরে সমাপনী কুচকাওয়াজ আয়োজনের তারিখ ২৪ নভেম্বর নির্ধারণ করা হলে সেই অনুষ্ঠানও বাতিল হয়।
এরপর ১৫ ডিসেম্বর শৃঙ্খলাভঙ্গের অভিযোগে ২৫ জন প্রশিক্ষণার্থী এএসপিকে শোকজ করা হয়। সমাপনী কুচকাওয়াজের মাত্র দুই দিন আগে ২১ ফেব্রুয়ারি ওই ২৫ জনের মধ্যে ছয়জনকে বরখাস্ত করা হয়। অবশেষে আজ ৪০তম বিসিএস-এর ৫৭ জন এবং ৩৮তম বিসিএসের তিনজনসহ মোট ৬০ জন প্রশিক্ষণার্থীর সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠিত হয়।

মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে