জলবায়ু মোকাবেলায় বাংলাদেশকে ১ বিলিয়ন ডলার দেবে ফ্রান্স
জলবায়ু পরিবর্তনের ক্ষতি মোকাবেলায় আগামী বছরের প্রধমার্ধে বাংলাদেশের সঙ্গে চুক্তি করতে যাচ্ছে ফ্রান্স। জলবায়ু তহবিল হিসেবে বাংলাদেশকে ১.১ বিলিয়ন ডলার বিনিয়োগ সহায়তা দেওয়া দেবে ফরাসি উন্নয়ন সংস্থা। প্রজেক্ট সিন্ডিকেটে প্রকাশিত এক কলামে ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল মাখোঁ এ তথ্য জানিয়েছেন।
নতুন বছরে জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবেলায় তার দেশের বিনিয়োগের সম্ভাব্য চিত্র তুলে ধরে মাখোঁ বলেন, আমরা সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত দেশগুলোর নির্দিষ্ট চাহিদা থেকে শুরু করব। ২০২৪ সালের প্রথমভাগে ফ্রান্স এবং বাংলাদেশ জলবায়ু-পরিবর্তন অভিযোজন মোকাবেলায় অর্থায়নের জন্য একটি চুক্তি স্বাক্ষর করবে। যার মধ্যে ফরাসি উন্নয়ন সংস্থা ১.১ বিলিয়ন মার্কিন ডলার বিনিয়োগে অবদান রাখবে। এ ছাড়া আইএমএফ নতুন ঋণ হিসেবে আরও এক বিলিয়ন মার্কিন ডলার পর্যন্ত এসডিআর ছাড় দেবে।
মাখোঁ বলেন, 'সবচেয়ে ঝুঁকিতে থাকা দেশগুলোর জলবায়ু পরিবর্তনজনিত ক্ষতি হ্রাস এবং অভিযোজন প্রচেষ্টার সঙ্গে সমন্বয় করে অর্থব্যবস্থাপনা গড়ে তোলা। এর মাধ্যমে যেন তারা সবুজ প্রযুক্তিতে যুক্ত হয়ে নিজেদের অগ্রগতি সাধন করতে পারে।'
এর আগে, গত সেপ্টেম্বরে দুই দিনের ঢাকা সফর করেন ইমানুয়েল ম্যাক্রো। এ সময় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল মাখোঁর এ বিষয়ে আলোচনা হয়। পরে প্রধানমন্ত্রী শেখ হাসিনা জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) বৈঠকে ফ্রান্সের সহায়তা প্রতিশ্রুতির কথা তুলে ধরেন।

মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে