Views Bangladesh Logo

জলবায়ু উষ্ণায়নে বিশ্বজুড়ে নদীতে কমছে অক্সিজেন: গবেষণা

 VB  Desk

ভিবি ডেস্ক

বিশ্বজুড়ে নদীর পানিতে অক্সিজেনের মাত্রা ধারাবাহিকভাবে কমে যাচ্ছে। নতুন এক গবেষণায় উঠে এসেছে, এর প্রধান কারণ জলবায়ু পরিবর্তনের ফলে ক্রমবর্ধমান তাপমাত্রা। গবেষকরা সতর্ক করেছেন, এতে মিঠাপানির জলজ প্রাণী ও পরিবেশ বড় ঝুঁকিতে পড়তে পারে।

চীনের ‘চাইনিজ একাডেমি অব সায়েন্সেসের অধীন নানজিং ইনস্টিটিউট অব জিওগ্রাফি অ্যান্ড লিমনোলজি’র বিজ্ঞানীরা এ গবেষণা পরিচালনা করেছেন। গবেষণাটি প্রকাশিত হয়েছে আন্তর্জাতিক বিজ্ঞান সাময়িকী সায়েন্স অ্যাডভান্সেস-এ।

গবেষকরা ১৯৮৫ থেকে ২০২৩ সাল পর্যন্ত বিশ্বের ২১ হাজারের বেশি নদীপথের তথ্য বিশ্লেষণ করেন। আধুনিক মেশিন লার্নিং প্রযুক্তি ব্যবহার করে তারা নদীর পানিতে অক্সিজেনের পরিবর্তন পর্যবেক্ষণ করেন।

গবেষণায় দেখা গেছে, প্রতি দশকে নদীর পানিতে গড়ে প্রতি লিটারে ০.০৪৫ মিলিগ্রাম অক্সিজেন কমেছে এবং প্রায় ৮০ শতাংশ নদীতেই অক্সিজেন হ্রাসের প্রবণতা লক্ষ করা গেছে।

বিশেষত বিষুবীয় অঞ্চলের নদীগুলো সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে। আগে ধারণা করা হয়েছিল এসব নদীতে প্রভাব তুলনামূলক কম হবে। কিন্তু বাস্তবে দেখা গেছে, এসব নদীতে আগে থেকেই অক্সিজেনের ঘাটতি ছিল এবং এখন তা আরও দ্রুত কমছে। ফলে জলজ প্রাণীর জন্য বিপজ্জনক অক্সিজেন-স্বল্পতার পরিস্থিতি তৈরি হওয়ার আশঙ্কা বাড়ছে।

গবেষকদের মতে, উষ্ণ পানিতে অক্সিজেন কম দ্রবীভূত হওয়ার কারণে মোট অক্সিজেন হ্রাসের প্রায় ৬৩ শতাংশ ঘটছে। এ ছাড়া নদীর বাস্তুতন্ত্রের পরিবর্তনে ১২ শতাংশ এবং তাপপ্রবাহের কারণে প্রায় ২৩ শতাংশ অক্সিজেন কমছে।

গবেষকরা সতর্ক করেছেন, এ পরিস্থিতি জীববৈচিত্র্যের জন্য গুরুতর হুমকি হয়ে উঠতে পারে।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ