Views Bangladesh Logo

প্রতি শনিবার দেশব্যাপী পরিচ্ছন্নতা কার্যক্রম চলবে: ভূমিমন্ত্রী

প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা কার্যক্রম চলবে বলে জানিয়েছেন ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনু। শনিবার সকাল ১০টার দিকে পবা উপজেলার বায়া ব্রিজ-সংলগ্ন গাংগপাড়া খালে পরিষ্কার-পরিচ্ছন্নতা কর্মসূচির উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা জানান।

জেলা প্রশাসনের আয়োজনে ডেঙ্গুসহ মশাবাহিত অন্যান্য রোগ প্রতিরোধে এ কর্মসূচি আয়োজন করা হয়েছে।

ডেঙ্গু ও চিকুনগুনিয়া থেকে রক্ষা পেতে সবাইকে সচেতন ও প্রতিরোধমূলক পদক্ষেপ গ্রহণেরও আহ্বান জানান ভূমিমন্ত্রী।

মিজানুর রহমান মিনু বলেন, ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রধানমন্ত্রী তারেক রহমান ১৪ মার্চ থেকে দেশজুড়ে প্রতি শনিবার নিয়মিত পরিষ্কার-পরিচ্ছন্নতা কর্মসূচি বা ‘ক্লিনলিনেস ড্রাইভ’ ঘোষণা দিয়েছেন। সেই লক্ষ্যে বর্ষা মৌসুমের আগেই রাজশাহীতে এডিস মশার প্রজননস্থল ধ্বংস করতে বাড়ি, আঙিনা, ড্রেন ও জলাধার পরিষ্কার রাখার ওপর জোর দেয়া হয়েছে।

মন্ত্রী মিনু বলেন, এ ধরনের কর্মসূচিতে কোনো জাঁকজমকপূর্ণ আয়োজন, স্টেজ বা বেলুন ওড়ানোর প্রয়োজন নেই। পরিচ্ছন্ন পরিবেশ বজায় রাখতে সবার সম্মিলিত উদ্যোগ প্রয়োজন। নিয়মিত নদী ও খাল পরিষ্কার রাখলে ডেঙ্গুসহ মশাবাহিত বিভিন্ন রোগ প্রতিরোধ করা সম্ভব।

এ সময় রাজশাহী-৩ পবা আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট শফিকুল হক মিলন বলেন, দীর্ঘ ১৭ বছরের জঙ্গল পরিষ্কার করতে হবে আমাদেরই। কে জঙ্গল তৈরি করেছে, তা নিয়ে বিতর্কের চেয়ে গুরুত্বপূর্ণ হলো এখন সেই জঙ্গল পরিষ্কার করা।

রোগ প্রতিরোধে নদী-নালা পরিষ্কার রাখা জরুরি উল্লেখ করে তিনি বলেন, ডেঙ্গুর জীবাণুবাহী এডিস মশার প্রজননক্ষেত্র যেন তৈরি হতে না পারে, সে জন্যই এই পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান শুরু হয়েছে। ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা বজায় রাখা ও মানুষের সচেতনতা বৃদ্ধি অত্যন্ত জরুরি।

এডিস মশার প্রজননস্থল ধ্বংস ও ডেঙ্গু প্রতিরোধে এই কর্মসূচির আয়োজন করেছে জেলা প্রশাসন রাজশাহী। এতে সার্বিক সহযোগিতা করেছে উপজেলা প্রশাসন ও নওহাটা পৌরসভা।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিভাগীয় কমিশনার ও রাজশাহী সিটি করপোরেশনের প্রশাসক ড. আ. ন. ম. বজলুর রশীদ।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ