নিরাপত্তার বাধা এড়িয়ে হামলার পরিকল্পনায় সহায়ক তথ্য দিচ্ছে চার এআই প্ল্যাটফর্ম
কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) নিরাপত্তাব্যবস্থা নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে। যুক্তরাষ্ট্রের সরকারি সংস্থা গভার্নমেন্ট অ্যাকাউন্টেবিলিটি অফিসের (জিএও) এক পরীক্ষায় দেখা গেছে, চ্যাটজিপিটি, জেমিনি, ক্লাউড ও গ্রোকের মতো চারটি জনপ্রিয় এআই প্ল্যাটফর্মের প্রাথমিক নিরাপত্তাবাধা নানা কৌশলে এড়িয়ে সম্ভাব্য সন্ত্রাসী হামলার পরিকল্পনায় সহায়ক তথ্য পাওয়া সম্ভব।
যুক্তরাষ্ট্রের ডেমোক্র্যাট সিনেটর ম্যাগি হাসানের অনুরোধে ২০২৬ সালের মে মাসে এ পরীক্ষা চালায় জিএও। বাণিজ্যিকভাবে সাধারণ মানুষের ব্যবহারের জন্য উন্মুক্ত এআই পরিষেবা ব্যবহার করে কেউ সন্ত্রাসী হামলার পরিকল্পনা করতে পারে কি না, তা যাচাই করাই ছিল তদন্তের উদ্দেশ্য।
১৮ নভেম্বর প্রকাশিত প্রতিবেদনে বলা হয়েছে, পরীক্ষায় চারটি প্ল্যাটফর্ম থেকেই শেষ পর্যন্ত এমন তথ্য পাওয়া গেছে, যা কাজে লাগিয়ে ১২ ঘণ্টারও কম সময়ে হামলার পরিকল্পনা তৈরি করা সম্ভব হতে পারে। অথচ এসব প্ল্যাটফর্মে ক্ষতিকর ও বেআইনি কাজে সহায়তা ঠেকাতে নিরাপত্তাব্যবস্থা রয়েছে।
জিএওর পরীক্ষায় দেখা যায়, শুরুতে বিপজ্জনক অনুরোধ জানানো হলে চারটি প্ল্যাটফর্মই তা প্রত্যাখ্যান করে। তবে পরবর্তী সময়ে প্রশ্নের ধরন ও উপস্থাপনায় পরিবর্তন আনার পর নিরাপত্তাব্যবস্থা এড়িয়ে প্রয়োজনীয় তথ্য পাওয়া গেছে। এতে এআই প্ল্যাটফর্মগুলোর বিদ্যমান নিরাপত্তাব্যবস্থার কার্যকারিতা নিয়ে প্রশ্ন উঠেছে।
এআই প্ল্যাটফর্মগুলোর নিরাপত্তা যাচাইয়ে তদন্তকারীরা দুটি কাল্পনিক পরিস্থিতি তৈরি করেন। এর একটি ছিল বিস্ফোরক ব্যবহার করে ব্যাপক প্রাণহানির আশঙ্কা তৈরি করতে পারে এমন হামলার পরিকল্পনা। অন্যটি ছিল যুক্তরাষ্ট্রের কোনো বড় শহরের বিদ্যুৎ সরবরাহব্যবস্থায় হামলার মাধ্যমে বড় ধরনের অর্থনৈতিক ক্ষতি ঘটানোর সম্ভাবনা।
প্রতিবেদনে বলা হয়েছে, এসব পরিস্থিতিতে পরবর্তী পর্যায়ে এআই প্ল্যাটফর্মগুলো থেকে হামলার পরিকল্পনা ও সম্ভাব্য ক্ষয়ক্ষতি-সংক্রান্ত বিভিন্ন তথ্য পাওয়া যায়। একটি ক্ষেত্রে নির্দিষ্ট শহরে জনসমাগমের বিষয় বিবেচনায় নিয়ে সম্ভাব্য হামলার সময় সম্পর্কেও পরামর্শ দেওয়া হয়েছিল।
এ ছাড়া পরীক্ষায় কয়েকটি প্ল্যাটফর্ম থেকে যানবাহন ব্যবহার করে হামলার সম্ভাব্য পরিকল্পনা এবং সম্ভাব্য লক্ষ্যবস্তু সম্পর্কে তথ্য পাওয়া যায়। তবে নিরাপত্তার স্বার্থে পরীক্ষায় ব্যবহৃত নির্দিষ্ট প্রশ্ন ও এআই প্ল্যাটফর্মগুলোর বিস্তারিত উত্তর প্রকাশ করেনি জিএও।
প্রতিবেদনে স্পষ্ট করা হয়েছে, পুরো পরীক্ষাই কাল্পনিক পরিস্থিতির ভিত্তিতে পরিচালিত হয়েছে। বাস্তবে কোনো হামলা চালানো হয়নি। তবে নিরাপত্তাব্যবস্থার সীমাবদ্ধতা এআই প্রযুক্তির অপব্যবহার ঠেকাতে বিদ্যমান ব্যবস্থাগুলো কতটা কার্যকর, তা নিয়ে নতুন উদ্বেগ তৈরি করেছে।
মতামত দিন