Views Bangladesh Logo

হবিগঞ্জের আজমিরীগঞ্জে শ্রেণিকক্ষের মেঝে ধসে আহত ৫ শিক্ষার্থী

হবিগঞ্জের আজমিরীগঞ্জে ক্লাস চলার সময় একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শ্রেণিকক্ষের মেঝের একাংশ ধসে পাঁচ শিক্ষার্থী আহত হয়েছে। সোমবার (৭ সেপ্টেম্বর) দুপুর সাড়ে ১২টার দিকে বদলপুর ইউনিয়নের পিরিজপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এ দুর্ঘটনা ঘটে।

বিদ্যালয় কর্তৃপক্ষ জানায়, চতুর্থ শ্রেণির পাঠদান চলছিল। এ সময় হঠাৎ শ্রেণিকক্ষের মেঝেতে বড় ধরনের ফাটল দেখা দেয়। কিছু বুঝে ওঠার আগেই মেঝের একটি অংশ নিচের দিকে ধসে পড়লে সেখানে থাকা পাঁচ শিক্ষার্থী আহত হয়।

আহতদের মধ্যে চারজনের পরিচয় পাওয়া গেছে। তারা হলো রাহিম বাদশা, মো. আব্দুল মান্নান মিয়া, মোজাক্কির মিয়া ও আজিনুর মিয়া। তারা সবাই বিদ্যালয়টির চতুর্থ শ্রেণির শিক্ষার্থী। দুর্ঘটনার পর স্থানীয়দের সহায়তায় তাদের উদ্ধার করে আজমিরীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়।

স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর আহত শিক্ষার্থীদের বাড়িতে পাঠানো হয়েছে। এ ঘটনায় বিদ্যালয়ের শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে আতঙ্ক দেখা দিয়েছে।

বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক সবুতর নেছা বলেন, ক্লাস চলাকালে আকস্মিকভাবে শ্রেণিকক্ষের মেঝে ধসে পড়ে। এতে পাঁচ শিক্ষার্থী আহত হয়েছে। ঘটনার পরপরই আহতদের উদ্ধার করে চিকিৎসার ব্যবস্থা করা হয়।

উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা শেখ মো. রফিকুল ইসলাম জানান, খবর পেয়ে তারা বিদ্যালয়টি পরিদর্শন করেছেন। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, মেঝের এক পাশের বালি ও মাটি সরে যাওয়ায় এ ঘটনা ঘটেছে। তবে বিদ্যালয়ের ভবনটি তুলনামূলক নতুন বলে জানান তিনি।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মো. জসিম উদ্দিন চৌধুরী বলেন, ঘটনার কারণ খতিয়ে দেখতে এলজিইডির প্রকৌশলী ও শিক্ষা কর্মকর্তাকে ঘটনাস্থল পরিদর্শনে পাঠানো হয়েছে। তাদের প্রতিবেদন পাওয়ার পর প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

মতামত দিন

Avatar

ট্রেন্ডিং ভিউজ