একাদশে ভর্তিতে শিক্ষার্থীদের রেজিস্ট্রেশনের সময় বাড়ল
২০২৪-২৫ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে ভর্তি শিক্ষার্থীদের চলমান রেজিস্ট্রেশন কার্যক্রমের সময়সীমা ৩ অক্টোবর পর্যন্ত বাড়ানো হয়েছে।
রবিবার (২৯ সেপ্টেম্বর) আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি ও ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান তপন কুমার সরকার স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ২০২৪-২৫ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে অনলাইনের মাধ্যমে ভর্তি হওয়া শিক্ষার্থীদের চলমান রেজিস্ট্রেশন কার্যক্রমের সময়সীমা আগামী ৩ অক্টোবর পর্যন্ত বৃদ্ধি করা হলো।
এতে আরও বলা হয়, শিক্ষা বোর্ডগুলোর আওতাধীন দেশের সব উচ্চমাধ্যমিক পর্যায়ের শিক্ষাপ্রতিষ্ঠানকে ভর্তি ওয়েবসাইট এর College Login প্যানেলে (কলেজের ইআইআইএন নম্বর ও পাসওয়ার্ড) ৩ অক্টোবরের বিকেল পাঁচটার মধ্যে রেজিস্ট্রেশনের কাজ শেষ করতে হবে।
নির্ধারিত সময়ের মধ্যে সংশ্লিষ্ট কলেজ অনলাইনে ভর্তি শিক্ষার্থীদের রেজিস্ট্রেশন সম্পন্ন করতে ব্যর্থ হলে পরবর্তী সময়ে উদ্ভূত জটিলতার জন্য বোর্ড কর্তৃপক্ষ দায়ী থাকবে না বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয় বিজ্ঞপ্তিতে।
উল্লেখ্য, চলতি বছর এসএসসি, দাখিল ও সমমান পরীক্ষায় ১১টি শিক্ষা বোর্ডে আওতায় মোট ২০ লাখ ১৩ হাজার ৫৯৭ জন শিক্ষার্থী অংশগ্রহণ করে। এর মধ্যে পাস করেছে ১৬ লাখ ৭২ হাজার ১৫৩ জন। সারা দেশে একাদশ শ্রেণিতে ভর্তিযোগ্য আসন আছে ২৫ লাখের মতো।

মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে