Views Bangladesh Logo

কুমিল্লায় স্কুলে যাওয়ার পথে নিখোঁজ দশম শ্রেণির শিক্ষার্থী, সন্ধান চায় পরিবার

কুমিল্লায় স্কুলে যাওয়ার পথে শাহরিয়ার নাফিজ (১৫) নামে দশম শ্রেণির এক শিক্ষার্থী নিখোঁজ হয়েছে। সোমবার (২১ সেপ্টেম্বর) সকালে বাড়ি থেকে স্কুলের উদ্দেশ্যে বের হওয়ার পর থেকে তার কোনো সন্ধান পাওয়া যাচ্ছে না। নিখোঁজ শিক্ষার্থীকে খুঁজে পেতে পরিবারের পক্ষ থেকে সবার সহযোগিতা চাওয়া হয়েছে।

নাফিজ কুমিল্লার দেবিদ্বার উপজেলার ফতেহাবাদ ইউনিয়নের বুড়িরপাড় গ্রামের প্রবাসী মো. সুমন মিয়ার ছেলে। সে কুমিল্লার ইবনে তাইমিয়া স্কুল অ্যান্ড কলেজের বিজ্ঞান বিভাগের দশম শ্রেণির শিক্ষার্থী।

পরিবারের সদস্যরা জানান, সোমবার সকালে প্রতিদিনের মতো স্কুলে যাওয়ার জন্য বাড়ি থেকে বের হয় নাফিজ। এরপর দীর্ঘ সময় পেরিয়ে গেলেও সে বাড়িতে ফিরে আসেনি। সম্ভাব্য বিভিন্ন জায়গায় খোঁজ নেওয়ার পাশাপাশি আত্মীয়স্বজনদের বাসায়ও যোগাযোগ করেন পরিবারের সদস্যরা। তবে কোথাও তার সন্ধান পাওয়া যায়নি।

নাফিজের আপন মামা মো. নজরুল ইসলাম বাপ্পি জানান, সারাদিন খোঁজাখুঁজি করেও ভাগনের সন্ধান না পাওয়ায় রাত ১২টার দিকে কুমিল্লা কোতোয়ালি মডেল থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে। রাত ১টা ১০ মিনিটের দিকে তিনি নাফিজের নিখোঁজের বিষয়টি নিশ্চিত করেন।

এদিকে নাফিজের সন্ধান চেয়ে সামাজিক যোগাযোগমাধ্যমেও বিভিন্ন পোস্ট দেওয়া হয়েছে। কুমিল্লা আদালতের আইনজীবী অ্যাডভোকেট সোহরাব হোসেন ভূঁইয়াও তার সন্ধান চেয়ে একটি পোস্ট দিয়েছেন। সেখানে তিনি জানান, সোমবার সকালে ইবনে তাইমিয়া স্কুলের দশম শ্রেণির শিক্ষার্থী শাহরিয়ার নাফিজ স্কুলে যাওয়ার পর থেকে নিখোঁজ রয়েছে।

পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে, নাফিজের সন্ধান পেলে দ্রুত পরিবারের সদস্যদের জানানোর অনুরোধ করা হয়েছে। তাকে খুঁজে বের করতে আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি সবার সহযোগিতা কামনা করেছে পরিবার।

মতামত দিন

Avatar

ট্রেন্ডিং ভিউজ