Views Bangladesh Logo

উপাচার্য নিয়োগ ঘিরে উত্তাল ডুয়েট, দফায় দফায় সংঘর্ষ

ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (ডুয়েট) নতুন উপাচার্য নিয়োগকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটেছে। রোববার (১৭ মে) সকাল ১০টার দিকে বিশ্ববিদ্যালয়ের মূল ফটকে ইটপাটকেলের আঘাতে বেশ কয়েকজন আহত হন।

গত বৃহস্পতিবার (১৪ মে) শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. মোহাম্মদ ইকবালকে ডুয়েটের উপাচার্য হিসেবে নিয়োগ দেওয়া হয়। নিয়োগের প্রজ্ঞাপন জারির পর ওই রাত থেকেই শিক্ষার্থীরা আন্দোলনে নামেন।

বিক্ষোভকারী শিক্ষার্থীরা বলছেন, ডুয়েট একটি বিশেষায়িত প্রকৌশল বিশ্ববিদ্যালয় হওয়ায় এখানকার শিক্ষা ব্যবস্থা ও প্রশাসনিক বাস্তবতা স্বতন্ত্র। তাই বহিরাগত কাউকে না এনে অভ্যন্তরীণ জ্যেষ্ঠ শিক্ষকদের মধ্য থেকে উপাচার্য নিয়োগ দেওয়া উচিত। বিশ্ববিদ্যালয়ের শিক্ষক নেতারাও একই দাবি জানিয়েছেন।

রোববার চতুর্থ দিনের মতো সকাল থেকে শিক্ষার্থীরা বিক্ষোভ করতে থাকেন। নবনিযুক্ত উপাচার্যের যোগদানের খবর ছড়িয়ে পড়লে শিক্ষার্থীরা প্রধান ফটকে তালা দেন। দুপুরের দিকে নবনিযুক্ত উপাচার্যের পক্ষে কিছু বহিরাগত লোক ক্যাম্পাসে প্রবেশের চেষ্টা করলে শিক্ষার্থীদের সঙ্গে সংঘর্ষ বাধে। দুপুর দেড়টা পর্যন্ত বিশ্ববিদ্যালয় এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছিল।

গাজীপুর সদর থানার ওসি মোহাম্মদ আমিনুল ইসলাম বলেন, কয়েক দিন ধরে চলমান উত্তেজনা আজ সংঘর্ষে রূপ নেয়। আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ কাজ করে যাচ্ছে।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ