Views Bangladesh Logo

রাজশাহীতে শ্রমিক ইউনিয়ন কার্যালয় দখল নিয়ে সংঘর্ষ, হাতবোমা বিস্ফোরণ

রাজশাহী জেলা মোটর শ্রমিক ইউনিয়নের কার্যালয় দখলকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ, ধাওয়া-পাল্টাধাওয়া ও হাতবোমা বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এ সময় কার্যালয়, দোকানপাট, ভবনের কাচ ও কয়েকটি মোটরসাইকেল ভাঙচুর করা হয়।

বৃহস্পতিবার বিকেল সাড়ে ৪টা থেকে সাড়ে ৫টা পর্যন্ত নগরের শিরোইল বাস টার্মিনাল এলাকায় এ ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন রাজশাহী মহানগর পুলিশের মুখপাত্র অতিরিক্ত উপপুলিশ কমিশনার গাজিউর রহমান।

পুলিশ ও শ্রমিক সূত্রে জানা গেছে, ছাত্র-জনতার অভ্যুত্থানের পর আওয়ামী লীগ সরকারের পতনের প্রেক্ষাপটে তৎকালীন সাধারণ সম্পাদক মাহাতাব হোসেন চৌধুরীর পরিবর্তে ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদকের দায়িত্ব পান রফিকুল ইসলাম পাখি।

বুধবার তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে তার অনুসারীদের হাতে কয়েকজন সাধারণ শ্রমিক লাঞ্ছিত হন বলে অভিযোগ ওঠে। এর প্রতিবাদে ক্ষুব্ধ শ্রমিকরা ইউনিয়ন কার্যালয়ে তালা ঝুলিয়ে দ্রুত নির্বাচনের দাবি জানান।

প্রত্যক্ষদর্শীরা জানান, ঘটনার জেরে বৃহস্পতিবার দুপুর থেকেই রফিকুলবিরোধী শতাধিক শ্রমিক শিরোইল এলাকায় অবস্থান নেন। অন্যদিকে রেলগেইট এলাকায় জড়ো হন রফিকুলের অনুসারীরা। উভয় পক্ষের হাতেই দেশীয় অস্ত্র দেখা যায়।

বিকেল সাড়ে ৪টার দিকে রফিকুল ইসলাম বিএনপি, যুবদল ও শ্রমিক দলের নেতাকর্মীসহ প্রায় দুই শতাধিক লোক নিয়ে মিছিল করে শিরোইল এলাকায় প্রবেশ করেন। সেখানে পৌঁছানোর পরপরই পাঁচ থেকে ছয়টি হাতবোমার বিস্ফোরণ ঘটে। এতে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।

বোমা বিস্ফোরণের পর প্রতিপক্ষ শ্রমিকরা সরে গেলে রফিকুলের অনুসারীরা কার্যালয়ের নিয়ন্ত্রণ নেয়। এ সময় আশপাশের কয়েকটি দোকান, ভবনের কাচ ও বেশ কয়েকটি মোটরসাইকেল ভাঙচুর করা হয়। প্রায় এক ঘণ্টা তাণ্ডব চালানোর পর তারা রেলগেইট এলাকায় ফিরে যায়।

স্থানীয়দের অভিযোগ, পুরো ঘটনার সময় পুলিশ উপস্থিত থাকলেও পরিস্থিতি নিয়ন্ত্রণে কার্যকর ভূমিকা দেখা যায়নি। ঘটনার পর শিরোইল বাস টার্মিনাল ও আশপাশ এলাকায় উত্তেজনা বিরাজ করছে। সেখানে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

রফিকুল ইসলাম বলেন, আওয়ামী লীগের শ্রমিক নেতারা সাধারণ শ্রমিকদের দিয়ে কার্যালয়ে তালা লাগিয়েছিল। আমরা কার্যালয় উদ্ধার করেছি। এখন কোনো সমস্যা নেই।

রাজশাহী মেট্রোপলিটন পুলিশের মুখপাত্র গাজিউর রহমান বলেন, দুই পক্ষই সরে গেছে, বর্তমানে পরিস্থিতি শান্ত। সিসিটিভি ফুটেজ দেখে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ