শৈলকুপায় আধিপত্য বিস্তার নিয়ে দু’পক্ষের সংঘর্ষ, কৃষক নিহত
ঝিনাইদহের শৈলকুপা উপজেলায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে মোহন শেখ (৬০) নামের এক কৃষক নিহত হয়েছেন। এ ঘটনায় নারীসহ অন্তত ১০ জন আহত হয়েছেন।
বৃহস্পতিবার (২৩ এপ্রিল) সকালে উপজেলার মনোহরপুর ইউনিয়নের মাধবপুর গ্রামের খালপাড় এলাকায় এ ঘটনা ঘটে।
স্থানীয়রা জানায়, সামাজিক আধিপত্য বিস্তার নিয়ে আবু জাহিদ চৌধুরী ও তরিকুল সাদাতের সমর্থকদের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। গত বুধবার (২২ এপ্রিল) সন্ধ্যায় জাহিদের এক সমর্থককে মারধর করেন সাদাতের লোকজন। এর জের ধরে আজ সকালে উভয় পক্ষ দেশি অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে দুই পক্ষের অন্তত ১১ জন আহত হন। আহত ব্যক্তিদের উদ্ধার করে শৈলকুপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মোহন শেখকে মৃত ঘোষণা করেন। তিনি জাহিদ চৌধুরীর সমর্থক ছিলেন।
সংঘর্ষে একজন নিহত হওয়ার বিষয়টি নিশ্চিত করে শৈলকুপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক নাহিদ এমরান বলেন, “এ ঘটনায় আহত ব্যক্তিদের হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। তাঁদের মধ্যে আব্বাস শেখ নামের একজনের শারীরিক অবস্থা গুরুতর হওয়ায় উন্নত চিকিৎসার জন্য ফরিদপুরে পাঠানো হয়েছে।”
এ ব্যাপারে শৈলকুপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ুন কবির মোল্লা বলেন, আধিপত্য বিস্তারের জেরে এ ঘটনা ঘটেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে।

মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে