শাবিতে ক্রিকেট ম্যাচকে কেন্দ্র করে শিক্ষার্থীদের সংঘর্ষ, চার শিক্ষকসহ আহত ১৫
শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবি) আন্তঃবিভাগ ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল খেলাকে কেন্দ্র করে দুই বিভাগের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে চার শিক্ষকসহ অন্তত ১৫ জন আহত হয়েছেন।
বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) সন্ধ্যা সাড়ে ৫টার দিকে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠে লোক প্রশাসন ও বাংলা বিভাগের শিক্ষার্থীদের মধ্যে এ সংঘর্ষ ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, খেলা শেষে দুই বিভাগের শিক্ষার্থীরা বাঁশ, ব্যাট ও চেয়ার নিয়ে একে অপরের ওপর হামলা চালায়। এতে বেশ কয়েকজন শিক্ষার্থী আহত হন এবং পুরো ক্যাম্পাসে আতঙ্ক ছড়িয়ে পড়ে।
পরিস্থিতি নিয়ন্ত্রণে গিয়ে আহত হন দুই সহকারী প্রক্টর অধ্যাপক মো. জাহাঙ্গীর আলম ও অধ্যাপক মো. ওমর ফারুক, লোক প্রশাসন বিভাগের অধ্যাপক ড. মো. আশরাফ সিদ্দিকী এবং প্রভাষক আব্দুল বাসিত।
বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক মো. মোখলেছুর রহমান বিষয়টি নিশ্চিত করে বলেন, আহতদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। গুরুতর আহত দু’জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে।
তিনি আরও বলেন, তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে শিক্ষার্থীরা যে পর্যায়ে পৌঁছাচ্ছে, তা উদ্বেগজনক এবং মাত্রা ছাড়িয়ে গেছে। এ ঘটনায় ন্যায্যতার ভিত্তিতে তদন্ত ও বিচার হবে, কাউকে ছাড় দেওয়া হবে না।
মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে