Views Bangladesh Logo

পাঠ্যবইয়ে আদিবাসী শব্দ নিয়ে বিরোধ: এনসিটিবি সামনে শিক্ষার্থীদের দুই পক্ষের সংঘর্ষ

 VB  Desk

ভিবি ডেস্ক

পাঠ্যপুস্তকে ‘আদিবাসী’ শব্দসংবলিত গ্রাফিতি রাখা ও না রাখা নিয়ে দুই পক্ষের বিক্ষোভ কর্মসূচির চলাকালে সংঘর্ষ হয়েছে। মারামারির ঘটনা ঘটেছে। এতে সাংবাদিক, নারীসহ বেশ কয়েকজন আহত হয়েছেন বলে জানা গেছে।

বুধবার (১৫ জানুয়ারি) রাজধানীর মতিঝিলে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড (এনসিটিবি) ভবনের সামনে এ ঘটনা ঘটে।

জানা গেছে, পাঠ্যপুস্তকে ‘আদিবাসী’ শব্দ প্রবেশ এবং জুলাই গণ-অভ্যুত্থানবিরোধী অখণ্ড ভারতের কল্পিত গ্রাফিতি সংযোজনের সঙ্গে জড়িতদের শাস্তিসহ ৫ দফা দাবিতে ‘স্টুডেন্ট ফর সভরেন্টি’ নামের একটি সংগঠন সকালে এনসিটিবি ভবন ঘেরাও করে।

একইদিনে ‘সংক্ষুব্ধ আদিবাসী ছাত্র-জনতা’র ব্যানারে ক্ষুদ্র জাতিগোষ্ঠীর একদল লোক পাঠ্যবইয়ে গ্রাফিতিটি পুনর্বহালের দাবিতে এনসিটিবির সামনে কর্মসূচি পালন করতে যায়।

গণমাধ্যম জানিয়েছে, সকাল থেকেই স্টুডেন্ট ফর সভরেন্টির ব্যানারে একদল লোক এনসিটিবির সামনে অবস্থান নিয়ে ছিলেন। দুপুর পৌনে ১২টার দিকে সেখানে যায় সংক্ষুব্ধ আদিবাসী ছাত্র-জনতার ব্যানারধারীরা।

তারা এনসিটিবির সামনে গেলে দুই পক্ষের মধ্যে হাতাহাতি হয়। পুলিশ গিয়ে দুই পক্ষকে সরিয়ে দিয়ে মাঝে অবস্থান নেয়। তখন দুই পাশ থেকে দুই পক্ষ পরস্পরবিরোধী স্লোগান দিতে থাকে। দুপুর একটার দিকে কিছু লোক সংক্ষুব্ধ আদিবাসী ছাত্র-জনতার ব্যানারে আসা দলটির ওপর হামলা চালায়। এতে সাংবাদিক ও নারীসহ বেশ কয়েকজন আহত হন।

এর মধ্যে কয়েকজনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে। তারা হলেন- ধনজেতরা (২৮), অন্তত ধামাই (৩৫), ফুটন্ত চাকমা (২২), ইসাবা শুহরাত (৩২), রেংইয়ং ম্র (২৭), রূপাইয়া শ্রেষ্ঠা তনচঙ্গা (২৫), ডোনায়ই ম্রো (২৫), জুয়েল মারাক (৩৫) ও শৈলী (২৭)।

এর মধ্যে রূপাইয়া শ্রেষ্ঠা তনচঙ্গা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নির্বাহী কমিটির সদস্য বলে ফেসবুকে এক পোস্টে জানিয়েছেন সংগঠনের মুখপাত্র উমামা ফাতেমা। অন্যুদিকে, জুয়েল মারাক বেসরকারি টেলিভিশন ডিবিসি’র রিপোর্টার।

নবম ও দশম শ্রেণির ‘বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি’ বইয়ের পেছনের প্রচ্ছদে ‘আদিবাসী’ শব্দ থাকা একটি গ্রাফিতি যুক্ত করা হয়েছিল। কিন্তু এর প্রতিবাদ জানিয়ে তা বাতিলের দাবিতে আন্দোলন শুরু করে স্টুডেন্ট ফর সভারেন্টি। এরপর সরকার সেটি বাতিলের সিদ্ধান্ত নেয় এবং পাঠ্যবইয়ের পিডিএফ সংস্করণ থেকে সেটি সরিয়ে নতুন একটি গ্রাফিতি সংযুক্ত করা হয়।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ