Views Bangladesh Logo

বাসে গান বাজানো নিয়ে বিরোধ, ইসলামী বিশ্ববিদ্যালয়ে দুই বিভাগের শিক্ষার্থীদের সংঘর্ষ-ভাঙচুর

বাসে উচ্চ শব্দে গান বাজানোকে কেন্দ্র করে তুচ্ছ বিরোধ থেকে ইসলামী বিশ্ববিদ্যালয়ে দুই বিভাগের শিক্ষার্থীদের মধ্যে দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে বিশ্ববিদ্যালয়ের প্রক্টরসহ কয়েকজন আহত ও লাঞ্ছিত হয়েছেন।

গতকাল রোববার বিকেল থেকে রাত পর্যন্ত ক্যাম্পাসে উত্তেজনা চলার পর রাত আড়াইটার দিকে প্রশাসনের হস্তক্ষেপে পরিস্থিতি শান্ত হয়।

প্রত্যক্ষদর্শীরা জানান, বিকেল চারটার দিকে ক্যাম্পাস থেকে ঝিনাইদহগামী বাসে লোকপ্রশাসন বিভাগের শিক্ষার্থী হৃদয় ও তার বন্ধুরা উচ্চ স্বরে গান বাজাচ্ছিলেন। এতে বিরক্ত হয়ে বায়োটেকনোলজি অ্যান্ড জেনেটিক ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থী অন্তর বিশ্বাসের পাশে বসা এক সহপাঠী তাদের শান্ত হতে বলেন। এ নিয়ে কথা-কাটাকাটির একপর্যায়ে পরিচয় ও সেশন জানতে চাওয়াকে কেন্দ্র করে উত্তেজনা বেড়ে ধাক্কাধাক্কি ও হাতাহাতিতে রূপ নেয়। ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে, যেখানে অন্তর বিশ্বাসকে মারধর করতে দেখা যায়। তবে হৃদয়ের দাবি, প্রথমে অন্তরই তাকে আঘাত করেছিলেন।

রাত সাড়ে আটটার দিকে উভয় পক্ষ ঝিনাইদহ থেকে ক্যাম্পাসে ফিরে এলে প্রধান ফটকের সামনে দুই বিভাগের শিক্ষার্থীরা জড়ো হয়ে আবার সংঘর্ষে জড়িয়ে পড়েন। সংঘর্ষ ডায়না চত্বর ও প্রধান ফটকের দুই পাশে ছড়িয়ে পড়ে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে গিয়ে প্রযুক্তি অনুষদ ভবনের জানালার কাচ ভাঙচুরের ঘটনাও ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে গিয়ে ধাক্কাধাক্কির মধ্যে প্রক্টর শাহীনুজ্জামান নিজেও সামান্য আহত হন।

দুই পক্ষই একে অপরের বিরুদ্ধে হামলার অভিযোগ তুলেছে এবং ঘটনার সুষ্ঠু তদন্ত ও বিচার দাবি করেছে। লোকপ্রশাসন বিভাগের সভাপতি ফখরুল ইসলাম জানান, প্রশাসন ঘটনাটিকে সর্বোচ্চ গুরুত্বের সঙ্গে দেখছে এবং কারও বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হলে ছাড় দেওয়া হবে না।

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর শাহীনুজ্জামান জানান, রাত আড়াইটার দিকে উভয় পক্ষের আলোচনায় বিষয়টির মীমাংসা হয়েছে এবং বর্তমানে ক্যাম্পাসের পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ