সিলেটে মাইকিং করে দুই গ্রামবাসীর সংঘর্ষ: জনপ্রতিনিধিসহ আহত ৩০
সিলেটের বিশ্বনাথ উপজেলায় জমি নিয়ে বিরোধের জেরে মসজিদের মাইকে ঘোষণা দিয়ে লোকজন জড়ো করে দুই গ্রামের বাসিন্দাদের মধ্যে দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটেছে। প্রায় এক ঘণ্টা ধরে চলা এ সংঘর্ষে জনপ্রতিনিধিসহ অন্তত ৩০ জন আহত হয়েছেন।
রোববার (২৭ সেপ্টেম্বর) দুপুর ২টার দিকে উপজেলার লামাকাজি ইউনিয়নের ভুরকি ও ইশবপুর গ্রামের বাসিন্দাদের মধ্যে ভুরকি বাজার এলাকায় এ সংঘর্ষ হয়। আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা গুরুতর হওয়ায় তাদের সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
আহতদের মধ্যে রয়েছেন লামাকাজি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কবির হোসেন ধলা মিয়া, মাসুক মিয়া, কবির মিয়া, মিজানুর রহমান, আতিকুর রহমান, আব্দুল ওয়াহিদ টিটন, জাকির আহমদ, হাজী ছফির আলী, তাজ মিয়া, জনি আহমদ, জয়নাল মিয়া, কয়ছর মিয়া, জমিল মিয়া, সাইদি উদ্দিন ও আলিম উদ্দিন।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, ভুরকি গ্রামের বাসিন্দা ইউপি চেয়ারম্যান কবির হোসেন ধলা মিয়া এবং ইশবপুর গ্রামের হাজী ছফির আলীর লোকজনের মধ্যে দীর্ঘদিন ধরে জমি নিয়ে বিরোধ চলে আসছিল। এরই ধারাবাহিকতায় রোববার দুপুরে দুই পক্ষের লোকজনের মধ্যে কথাকাটাকাটি হয়।
পরে পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে উভয় পক্ষ মসজিদের মাইকে ঘোষণা দিয়ে নিজেদের লোকজনকে জড়ো করে। একপর্যায়ে ভুরকি বাজার এলাকায় দুই পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে। এ সময় পাল্টাপাল্টি ধাওয়া ও মারামারিতে উভয় পক্ষের অন্তত ৩০ জন আহত হন।
খবর পেয়ে বিশ্বনাথ থানার বিপুলসংখ্যক পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পরে নতুন করে সংঘর্ষের আশঙ্কায় এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়।
বিশ্বনাথ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গাজী মাহবুবুর রহমান বলেন, বর্তমানে এলাকার পরিস্থিতি শান্ত রয়েছে। এ ঘটনায় অভিযোগ পাওয়া গেলে তদন্ত করে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
মতামত দিন